Apan Desh | আপন দেশ

সাইবার নিরাপত্তায় অক্টোবরজুড়ে ডিএসইর বিশেষ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১১, ১১ অক্টোবর ২০২৬

সাইবার নিরাপত্তায় অক্টোবরজুড়ে ডিএসইর বিশেষ কর্মসূচি

ফাইল ছবি

সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে প্রথমবারের মতো অক্টোবরজুড়ে মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ কর্মসূচির আওতায় কর্মকর্তা-কর্মচারী ও ট্রেকহোল্ডারদের প্রশিক্ষণ, অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে দেশের প্রধান শেয়ারবাজা‌রের এ প্রতিষ্ঠান।

রোববার (১১ অক্টোবর) ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারণামূলক অনলাইন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ডিজিটাল কার্যক্রমে উৎসাহিত করা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বশীল আচরণ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচির অংশ হিসেবে ডিএসই প্রাঙ্গণে সাইবার নিরাপত্তাবিষয়ক ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটারে সচেতনতামূলক ডেস্কটপ ওয়ালপেপার ব্যবহার এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এসব উদ্যোগের মাধ্যমে সন্দেহজনক ই-মেইল, ক্ষতিকর লিংক ও সম্ভাব্য সাইবার ঝুঁকি শনাক্ত এবং মোকাবিলায় সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

ট্রেকহোল্ডারদের প্রশিক্ষণ ও কুইজ

কর্মসূচির আওতায় ডিএসইর ট্রেকহোল্ডারদের অংশগ্রহণে অনলাইনভিত্তিক সাইবার নিরাপত্তা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। জুম প্ল্যাটফর্মে বিভিন্ন দলে ভাগ করে এসব প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের সাইবার নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> সূচকের পতনে লেনদেন ৫৬৮ কোটি টাকা

এছাড়া ট্রেকহোল্ডারদের সাইবার নিরাপত্তাবিষয়ক জ্ঞান যাচাই ও সচেতনতা বাড়াতে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীদের উত্তর মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হবে।

সফল অংশগ্রহণকারীদের স্বীকৃতি

সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী ট্রেকহোল্ডারদের স্বীকৃতি দেয়ার উদ্যোগও নিয়েছে ডিএসই। প্রতিষ্ঠানটির নিয়মিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে নির্বাচিত শীর্ষ পারফরম্যান্সকারী ট্রেকহোল্ডারদের সনদ ও স্বীকৃতি দেয়া হবে। এর মাধ্যমে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তাদের অংশগ্রহণকে উৎসাহিত করা হবে।

ডিএসইর বিভিন্ন বিভাগের সমন্বয়ে মাসব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিভাগ কর্মসূচির পরিকল্পনা, সচেতনতামূলক উপকরণ তৈরি, প্রশিক্ষণ এবং কুইজ প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পালন করছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি অবকাঠামো, নেটওয়ার্ক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করছে।

ডিএসইর মতে, শেয়ার বাজারের প্রযুক্তিনির্ভর কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট সবার সচেতনতা ও দায়িত্বশীল আচরণ জরুরি। এ ধরনের সমন্বিত উদ্যোগ শেয়ার বাজারের অংশীজনদের মধ্যে সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর শেয়ার বাজার গঠনে সহায়ক হবে।

আপন‌ দেশ/কেএম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়