Apan Desh | আপন দেশ

বাংলাদেশের স্বপ্ন ভেঙে সাফের ফাইনালে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৩, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:৪৭, ১৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের স্বপ্ন ভেঙে সাফের ফাইনালে পাকিস্তান

ছবি: আপন দেশ

শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে। তবে স্বপ্ন ছিল ২৩ বছর পর ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ৮৬ মিনিটে আবদুল সামাদের করা গোলেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়।

বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। আক্রমণেও প্রথমার্ধে স্বাগতিকদের আধিপত্য ছিল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দুই দলের দুটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

২৪ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফারহান আলি ওয়াহিদের কর্নার থেকে শামিত সোম বল নিয়ন্ত্রণে নিয়ে রাকিব হোসেনকে দেন। রাকিবের শট পোস্টে লেগে ফিরে আসে। ৩২ মিনিটে পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করে পাকিস্তানও। তারিক কাজীর ভুলে বল পেয়ে আবদুল সামাদের নেয়া শট বাংলাদেশের গোলরক্ষকের হাতে লেগে পোস্টে আঘাত করে ফিরে আসে।

প্রথমার্ধে বাংলাদেশের বল দখলে ছিল ৫৯ শতাংশ, পাকিস্তানের ৪১। তবে বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। গ্রুপ পর্ব শেষে ইউরোপের বিভিন্ন লিগে খেলা পাঁচ ফুটবলার পাকিস্তান দলে যোগ দেয়ায় দলটির শক্তি বেড়েছিল। তাদের চারজনই ছিলেন আজকের একাদশে। শারীরিক সক্ষমতা ও গতির পাশাপাশি পাকিস্তানের খেলায় ছিল পরিকল্পনা ও শৃঙ্খলার ছাপ। আগের দুই ম্যাচের তুলনায় অনেক বেশি গোছানো ফুটবল খেলেছে তারা।

দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণ বাড়ানোর পাশাপাশি আক্রমণেও ধার বাড়ায় পাকিস্তান। ৭৬ মিনিটে আদিল নবির ফ্রি-কিক থেকে বিপদ তৈরি হয়েছিল। কর্নারের মাধ্যমে সে যাত্রায় দলকে রক্ষা করেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

তবে ৮৬ মিনিটে আর রক্ষা হয়নি বাংলাদেশের। গোলরক্ষক শ্রাবণের একটি ভুল থেকেই আসে পাকিস্তানের জয়সূচক গোল। পরপর দুটি শট ঠেকানোর পর শ্রাবণের থ্রো করা বল চলে যায় পাকিস্তানের আদিল নবির কাছে। তার কাছ থেকে বল পেয়ে আবদুল সামাদ বাংলাদেশের ডিফেন্ডার জিদান ইউসুফকে কাটিয়ে জালে পাঠান। তাতেই উল্লাসে মাতে পাকিস্তান।

আরও পড়ুন <<>> ফইনালে ওঠার লড়াইয়ে একাদশে সুকি-রহমত

গোল হজমের পর গ্যালারি থেকে একদল উচ্ছৃঙ্খল দর্শক স্মোক ফ্লেয়ার ও পানির বোতল ছুড়তে থাকেন। এতে কিছু সময়ের জন্য বন্ধ থাকে খেলা। পরে খেলা শুরু হলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

আগামী ১৭ নভেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ২০০৫ সালে এ পাকিস্তানকে হারিয়েই সর্বশেষ সাফের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ২১ বছর পর একই প্রতিপক্ষের কাছে হেরে এবারও ফাইনালের স্বপ্ন শেষ হলো লাল-সবুজের দলের। ঘরের মাঠে দীর্ঘ ২৩ বছর পর সাফ শিরোপা জয়ের অপেক্ষাও বাড়ল বাংলাদেশের।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়