সিরাজুল হক। ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী সিরাজুল হকসহ অন্য আসামিরা। মাত্র ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলায় তিনি ২৫ বছরের বেশি সময় পর খালাস পেয়েছেন।
গত ২ নভেম্বর বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ এ রায় দেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সিরাজুল হক বর্তমানে জামালপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার নথি অনুযায়ী, ২০০১ সালের ২৫ জুন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপসহকারী পরিচালক মো. আইয়ুব আলী খান মামলাটি দায়ের করেন। এতে সিরাজুল হকসহ ১১ জনকে আসামি করা হয়।
সংবাদ সম্মেলনে সিরাজুল হক বলেন, বিএনপি সরকারের আমলে এমপিদের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেয়া হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার নির্বাচনী এলাকার আয়তন বিবেচনায় তাকে ৩০ লাখ টাকা বরাদ্দ দেন। ওই অর্থ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৫০০ থেকে ৬০০টি চেক বিতরণ করা হয়।
আরও পড়ুন <<>> মানবতার টানে নিজেদের অর্থায়নে প্রতি শুক্রবার খাবার বিতরণ
তার দাবি, বিতরণ করা চেকগুলোর মধ্যে মাত্র ১১টি নিয়ে আপত্তি তুলে দুদক মামলা করে। এসব চেকের মোট অর্থের পরিমাণ ছিল ৫৪ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার টাকা একজনের নামে বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপনের জন্য দেয়া হয়েছিল। ওই ব্যক্তি মারা যাওয়ার পর বাকি ১০ জনের বিরুদ্ধে ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
সিরাজুল হক জানান, মামলায় বাদীপক্ষ ২৮ জন সাক্ষী উপস্থাপন করলেও অভিযোগ প্রমাণ করতে পারেনি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের খালাস দেন। এ মামলার একজন আসামি বিচার চলাকালে মারা গেছেন।
মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে সিরাজুল হক বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তাকেসহ অন্য আসামিদের দীর্ঘদিন আর্থিক ও মানসিক ভোগান্তির শিকার হতে হয়েছে। রাজনৈতিক উদ্দেশে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও আইনের আওতায় আনার ব্যবস্থা থাকা প্রয়োজন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































