ছবি: আপন দেশ
রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিকের মধ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
সোমবার (০৯ নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদানের ক্ষেত্রে যোগ্য আবেদনকারীদের বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করা হয়। এ ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। শিগগিরই নতুন আবেদনসংক্রান্ত বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেয়া হবে। তিনি আবেদন যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে পেশাদার, অসচ্ছল, অসুস্থ ও জটিল রোগে আক্রান্ত গণমাধ্যমকর্মীদের অগ্রাধিকার দেয়ার আহবান জানান। পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন<<>>খাদ্য আইন লঙ্ঘনে ৪ লাখ টাকার জরিমানা
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, গত চার বছরের ধারাবাহিকতায় এবারও আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান সঞ্চালন করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খৃষ্টফার হিমেল রিছিল।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, রংপুর বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রংপুর বিভাগের ছয় জেলার মোট ৫৪ জন সাংবাদিকের মধ্যে ২৮ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে রংপুর জেলার ২২ জন, গাইবান্ধার ১৩ জন, কুড়িগ্রামের ৯ জন, দিনাজপুরের ৮ জন এবং লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলার একজন করে সাংবাদিক অনুদান পেয়েছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































