Apan Desh | আপন দেশ

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কেনা হচ্ছে: বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৫, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪৬, ১৪ নভেম্বর ২০২৬

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কেনা হচ্ছে: বিআরটিসি

ছবি: আপন দেশ

নারীদের যাতায়াত আরও সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। যার প্রেক্ষিতে ১০০টি বৈদ্যুতিক বাস কেনা হবে। এসব বাসের ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা।

শনিবার (১৪ নভেম্বর) বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর এ তথ্য জানান।

মীর আহমেদ তারিকুল ওমর জানান, বাস কেনার দায়িত্ব দেয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে চীনের কয়েকটি বাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। আগামী ১৮ নভেম্বর দরপত্র আহবান করা হবে। এছাড়া ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেয়ার পরিকল্পনা রয়েছে। এরপর অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে।

প্রচলিত উন্মুক্ত দরপত্র পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনার উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট ২০০টি বৈদ্যুতিক বাস কেনা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৮০০ কোটি টাকার প্রকল্পে নীতিগত অনুমোদন দেয় সরকার। দুই ধাপে বাস্তবায়িতব্য এ প্রকল্পের প্রথম পর্যায়ে নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে।

আরও পড়ুন <<>> দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কসোভো-বাংলাদেশের বৈঠক

বিআরটিসির চেয়ারম্যান জানান, নারী যাত্রীদের সঙ্গে প্রায়ই স্বামী, ভাই কিংবা সন্তান থাকেন। কিন্তু বাসগুলো শুধু নারীদের জন্য নির্ধারিত হওয়ায় তাদের পুরুষ স্বজনেরা যাতায়াতের সুযোগ পাচ্ছেন না। এতে যাত্রীসংখ্যা কমে যাচ্ছে।

এ সমস্যা সমাধানে ১৬ বছর বয়স পর্যন্ত অথবা সর্বোচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের বাসে চলাচলের অনুমতি চেয়ে সড়ক পরিবহন বিভাগে প্রস্তাব পাঠিয়েছে বিআরটিসি।

পাশাপাশি নারীদের জন্য নির্ধারিত বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য বরাদ্দ রাখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে সামাজিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হলে শুধু রাজধানী নয়, দেশের অন্যান্য বিভাগেও নারীদের জন্য বিশেষ বাসসেবা সম্প্রসারণ করা হবে।

এর মাধ্যমে নারীদের গণপরিবহন ব্যবহারের সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব যাতায়াতব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়