ছবি: আপন দেশ
সপ্তাহজুড়ে দরপতনের পর আগের দিন বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। তবে দেশে মূল্যবান এ ধাতুর বাজারে দরপতন অব্যাহত রয়েছে। টানা পঞ্চম দফায় কমানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে দুই হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে দুই লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ সাত হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
স্বর্ণের গহনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন<<>>টানা দরপতনের পর স্বর্ণের বাজারদর
চলতি বছর দেশের বাজারে এ নিয়ে ১৩৮ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭৩ বার কমানো হয়েছে।
এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওইদিন ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া পুরোনো স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।
তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়ার সুযোগ নেই। পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































