ছবি: এআই জেনারেট
কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাবে না এমন বিধান করেই নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থা হয়েও নিজেদের তৈরি করা সে বিধানের গলাটিপে বিশেষ স্বার্থে বিকাশকে ডিজিটাল ব্যাংকের প্রতিষ্ঠার জন্য লাইসেন্স দিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
অথচ নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আবেদনের যোগ্যতাই ছিল না ব্র্যাক ব্যাংকের মালিকানাধীন মোবাইলের মাধ্যমে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের।
সে বিধানের কারণেই অন্য ব্যাংকের আবেদনে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেয়নি বাংলাদেশ ব্যাংক। শুধু ব্র্যাক ব্যাংকের বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেয়ায় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের দ্বৈতনীতি, সুশাসন ও স্বচছতা নিয়ে প্রশ্ন উঠছে বোদ্ধা মহলে।
বাংলাদেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা করতে গত ২৪ সেপ্টেম্বর পাঁচটি প্রতিষ্ঠানকে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা প্রাথমিক সম্মতিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংকের মালিকানাধীন বিকাশের উদ্যোগে ‘বিকাশ ডিজিটাল ব্যাংক’। এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের নিয়ন্ত্রণাধিন প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক ওই বিকাশের ৫১ শতাংশের মালিক।
যে ব্যাংক সরাসরি ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা হতে পারবে না, সে ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন প্রতিষ্ঠান কীভাবে একই উদ্যোগের উদ্যোক্তা হওয়ার সুযোগ পেল, তার সুস্পষ্ট ব্যাখ্যা নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। শুধু তাই নয়, বিকাশের মাধ্যমে নতুন ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠিত হলে ব্র্যাক ব্যাংকের পরোক্ষ নিয়ন্ত্রণ ও আর্থিক স্বার্থ নতুন ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ ব্যাংক কি নিজস্ব নীতিমালা সবার জন্য সমানভাবে প্রয়োগ করছে, নাকি প্রভাবশালী প্রতিষ্ঠানের ক্ষেত্রে তৈরি করছে বিশেষ সুযোগ?
গভর্নরেরে সিদ্ধান্ত নিয়ে খোদ কর্মকর্তাদের মধ্যেও সংশয় তৈরি হয়েছে। এতে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহিতা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
নীতিমালায় নিষেধ, অনুমোদন পেল বিকাশ:
কাগুজে নোটের প্রচলন বাদ দিতে বিকল্প হিসেবে ডিজিটাল লেনদেন বাড়াতে চায় সরকার। ব্যাংকের শাখাবিহীন সম্পূর্ণ অনলাইননির্ভর ব্যাংকিং সেবা চালু করতে প্রচলিত ব্যাংকের পাশাপাশি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ২০২৫ সালের অগাস্টে বাংলাদেশ ব্যাংক নীতিমালা জারি করে। ‘গাইডলাইনস টু এস্টাবলিশ ডিজিটাল ব্যাংক’ ভার্সন-২-এর ৬(১১) অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানকে প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা হিসেবে অনুমোদন দেয়া হবে না। অর্থাৎ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে স্পষ্টভাবে বাইরে রাখা হয়েছে।
কিন্তু বিকাশ লিমিটেডের মালিকানা কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিষ্ঠানটির ৫১ শতাংশ শেয়ারের মালিক ব্র্যাক ব্যাংক। অবশিষ্ট শেয়ারের মালিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ফলে বিকাশ ব্র্যাক ব্যাংকের একটি সাবসিডিয়ারি বা সহযোগী প্রতিষ্ঠান। বিকাশের আয়-ব্যয় ও আর্থিক ফলাফলের সঙ্গে ব্র্যাক ব্যাংকের সরাসরি সম্পর্ক রয়েছে। ব্র্যাক ব্যাংকের আর্থিক প্রতিবেদনে বিকাশের পৃথক আর্থিক তথ্য প্রকাশেরও আইনি বাধ্যবাধকতা রয়েছে।
এ অবস্থায় ব্র্যাক ব্যাংক নিজে উদ্যোক্তা হতে না পারলেও তার সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন প্রতিষ্ঠানকে দিয়ে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দেয়া কতটা নীতিসংগত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরাসরি মালিকানা না থাকলেই কি পরোক্ষ নিয়ন্ত্রণের বিষয়টি উপেক্ষা করা যায়? নীতিমালার উদ্দেশ্য যদি ব্যাংকের প্রভাবমুক্ত উদ্যোক্তা কাঠামো নিশ্চিত করা হয়, তাহলে বিকাশের ক্ষেত্রে সে উদ্দেশ্য কীভাবে পূরণ হচ্ছে?
প্রথমবারও লাইসেন্স পায়নি বিকাশ
ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রথম সার্কুলার করা হয় ২০২৩ সালের জুনে। ওই নীতিমালার আলোকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কোম্পানি ও ব্যাক্তি মিলিয়ে একক ও যৌথভাবে ৫২টি আবেদন জমা পড়ে বাংলাদেশ ব্যাংকে। সেখান থেকে প্রাথমিকভাবে আটটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য মনোনীত করা হয়। বলা হয়, পরবর্তীতেতে আরো লাইসেন্স দেয়া হবে।
বাছাই করা প্রতিষ্ঠানগুলো ছিল নগদ ডিজিটাল ব্যাংক, কড়ি ডিজিটাল ব্যাংক, দশটি বাণিজ্যিক ব্যাংকের উদ্যোগে গঠিত ডিজি টেন ব্যাংক পিএলসি, বিকাশ ডিজিটাল ব্যাংক, ব্যাংক এশিয়ার মালিকানায় ডিজিটাল ব্যাংক লিমিটেড, স্মার্ট ডিজিটাল ব্যাংক, জাপান-বাংলা ডিজিটাল ব্যাংক এবং নর্থ ইস্ট ডিজিটাল ব্যাংক।
আরও পড়ুন<<>> দেউলিয়ার পথে হাঁটছে ইফাদ গ্রুপ
২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রথম ধাপে শুধু নগদ ও কড়িকে ডিজিটাল লাইসেন্সের প্রাথমিক লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়। তৎকালীন মুখপাত্র মেজবাউল হক বলেছিলেন, ডিজি টেন ব্যাংক, বিকাশ ডিজিটাল ব্যাংক এবং ব্যাংক এশিয়ার ডিজিটাল ব্যাংক লিমিটেড দেশের ব্যাংকিং খাতের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় তাদের জন্য আলাদা লাইসেন্স লাগবে না। তাদের জন্য একটি গাইডলাইন তৈরি করা হবে। সে গাইডলাইন মানলেই ডিজিটাল ব্যাংক চালাতে পারবে।
ডিজি টেন ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাবক ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক (ইবিএল), ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসিবি), পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক।
তখন বলা হয়, নগদ ডিজিটাল ও কড়ি ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরু হলে দ্বিতীয় ধাপে স্মার্ট ডিজিটাল ব্যাংক, জাপান-বাংলা ডিজিটাল ব্যাংক ও নর্থ ইস্ট ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেয়া হবে। এজন্য ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি হওয়ায় বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেয়নি বাংলাদেশ ব্যাংক।
নতুন নীতিমালায় ব্যাংক বাদ গেলেও, বিকাশ বহাল!
২০২৪ সালের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ২০২৫ সালের আগস্টে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নতুন নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপর ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা হতে নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে শেয়ারধারণের ক্ষেত্রেও ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুসরণের কথা বলা হয়।
‘গাইডলাইনস টু এস্টাবলিশ ডিজিটাল ব্যাংক’ ভার্সন-২-এর ৫(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ডিজিটাল ব্যাংকের শেয়ারধারণের সীমা নির্ধারিত হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯৪-এর ২০২৩ সালে সংশোধিত ১৪ক (১) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা একই পরিবারের সদস্যরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একক কিংবা যৌথভাবে কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারবেন না।
তবে নীতিমালায় আরও বলা হয়েছে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজনে সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে শেয়ারধারণের সীমা শিথিল করা যাবে। এখানে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। ব্র্যাক ব্যাংকের ৫১ শতাংশ মালিকানাধীন বিকাশের মাধ্যমে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দেয়া হলে ভবিষ্যতে ব্র্যাক ব্যাংকের পরোক্ষ শেয়ারধারণ ও নিয়ন্ত্রণের বিষয়টি কীভাবে বিবেচনা করা হবে?
বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, বিকাশের ১০ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের ১০ শতাংশ শেয়ারধারণের সুযোগ তৈরি হলে একই মালিকানা বলয়ের হাতে ঘুরেফিরে ২০ শতাংশ নিয়ন্ত্রণ চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এভাবে বিকাশকে উদ্যোক্তা বানিয়ে ব্র্যাক ব্যাংকেরও পরোক্ষভাবে নতুন ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
সাবসিডিয়ারির অধিকার, না কি নীতিমালার ফাঁক?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শহীদুল ইসলাম জাহীদ বলেন, বিকাশের ওপর ব্র্যাক ব্যাংকের সরাসরি নিয়ন্ত্রণ রয়েছে। বিকাশের লাভ-লোকসান ব্র্যাক ব্যাংকে যায়। বিকাশের ডিজিটাল ব্যাংক আলাদা প্রতিষ্ঠান হলেও ব্র্যাক ব্যাংকের পরোক্ষ নিয়ন্ত্রণ ও সরাসরি আর্থিক সম্পর্ক রয়েছে। এটি অস্বীকার করার সুযোগ নেই।
সরাসরি না থাকলেও পরোক্ষ সম্পর্ক আছে বলে স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেছেন, প্রস্তাবিত বিকাশ ডিজিটাল ব্যাংকের সঙ্গে ব্র্যাক ব্যাংকের প্রত্যক্ষ সম্পর্ক নেই, তবে পরোক্ষ সম্পর্ক রয়েছে। বিকাশ এমএফএসে ব্র্যাক ব্যাংকের বড় ধরনের শেয়ার রয়েছে। পরিচালনা পর্ষদেও ব্যাংকটির প্রতিনিধি আছেন। বিকাশ ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান।
আরও পড়ুন<<>> মেঘনা গ্রুপের ৪১০ কোটি টাকার ঋণপত্র বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
তিনি আরও বলেন, ডিজিটাল ব্যাংকে ব্র্যাক ব্যাংকের সরাসরি কোনো সম্পৃক্ততা থাকবে না। ব্র্যাক ব্যাংকের হয়ে কোনো পরিচালকও বিকাশ ডিজিটাল ব্যাংকে থাকার সুযোগ নেই। তবে ডিজিটাল ব্যাংকের লাভ-লোকসানের প্রভাব বিকাশের ওপর পড়বে। আর বিকাশের লাভ-লোকসানের প্রভাব ব্র্যাক ব্যাংকের ওপরও বর্তাবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের বক্তব্যেই আর্থিক সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, শুধু সরাসরি মালিকানা না থাকার যুক্তিতে কি পরোক্ষ নিয়ন্ত্রণের ঝুঁকি এড়িয়ে যাওয়া যায়? সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের নতুন কোম্পানি গঠনের অধিকার থাকলেও বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠার নীতিমালার বিধিনিষেধ কি তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না? এ প্রশ্নের সুস্পষ্ট উত্তর এখনো মেলেনি।
বিশেষ বিবেচনায় আরও একটির অনুমোদন
২০২৩ সালের নীতিমালায় ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার ন্যূনতম পরিশোধিত মূলধন ছিল ১২৫ কোটি টাকা। পরবর্তী সময়ে তা বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে। উদ্যোক্তাদের কমপক্ষে ৫০ লাখ টাকা বিনিয়োগের শর্ত রয়েছে। প্রচলিত ব্যাংক প্রতিষ্ঠায় ন্যূনতম মূলধন ৫০০ কোটি টাকা। ডিজিটাল ব্যাংক চালুর পর পাঁচ বছরের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার বাধ্যবাধকতাও রয়েছে।
২০২৩ সালের নীতিমালায় ১২৫ কোটি টাকা মূলধনের শর্ত থাকলেও কড়ি ডিজিটাল ব্যাংক এলওআই-পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে পারেনি। তারপরও নতুন করে আবার সুযোগ দেয়া হয়েছে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স নিতে। অর্ধশতাধিক প্রতিষ্ঠান আবেদন করেও লাইসেন্স পাচ্ছে না। আবার ব্যর্থ হওয়া কড়ি ও আবেদনের যোগ্যতা না থাকা বিকাশকে বিশেষ স্বার্থে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তার এ প্রতিবেদককে বলেছেন, কড়ির আবেদনকারীর সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক এক সচিবের পারিবারিক সম্পর্ক রয়েছে; তিনি ওই সচিবের স্বামী। তাই তাকে আবারো লাইসেন্স দেয়া হয়।
এসব অভিজ্ঞতা ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা নির্বাচন, আর্থিক সক্ষমতা, মালিকানা কাঠামো ও নিয়ন্ত্রক সংস্থার যাচাই-বাছাই কতটা কঠোর হওয়া প্রয়োজন, তা সামনে এনেছে।
বিকাশের দাবি, প্রশ্নের জবাব কোথায়?
বিষয়টি জানতে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ক্ষুদেবার্তা পাঠানো হলেও তার পক্ষ থেকে কোনো জাবাব আসেনি।
প্রাথমিক লাইসেন্স পাওয়া বিকাশ লিমিটেডের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম উত্তর দিয়েছেন ক্ষুদেবার্তায়। বিকাশের ফিরতি বার্তায় বলা হয়, ডিজিটাল ব্যাংকের আবেদন করার জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত শর্তাবলি পূরণ করেই ‘বিকাশ ডিজিটাল ব্যাংক’ আবেদন জমা দিয়েছে। কয়েক ধাপে যাচাই-বাছাই সম্পন্ন করেই বাংলাদেশ ব্যাংক আবেদনকারী কয়েকটি প্রতিষ্ঠানকে প্রাথমিক অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তারা জেনেছে।
কিন্তু বিকাশের এ বক্তব্যে নীতিমালার ৬(১১) অনুচ্ছেদের সঙ্গে তাদের মালিকানা কাঠামোর সামঞ্জস্যের ব্যাখ্যা নেই। বাংলাদেশ ব্যাংকও এখন পর্যন্ত জনসমক্ষে এমন কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি, যার মাধ্যমে বোঝা যায়, ব্র্যাক ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন বিকাশকে কী যুক্তিতে যোগ্য বিবেচনা করা হয়েছে।
চূড়ান্ত লাইসেন্স দেয়ার আগেই বাংলাদেশ ব্যাংককে কয়েকটি প্রশ্নের জবাব দিতে হবে। ৬(১১) অনুচ্ছেদ থাকা সত্ত্বেও বিকাশকে কীভাবে যোগ্য বিবেচনা করা হলো? ব্র্যাক ব্যাংকের ৫১ শতাংশ মালিকানার প্রভাব কীভাবে মূল্যায়ন করা হয়েছে? বিকাশের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের পরোক্ষ নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হবে কি না? অন্য আবেদনকারীদের ক্ষেত্রে যে নীতিমালা প্রয়োগ করা হয়েছে, বিকাশের ক্ষেত্রেও কি একই মানদণ্ড অনুসরণ করা হয়েছে?
আরও পড়ুন<<>> ফোকলা পদ্মা ব্যাংকের দায় গ্রাহকের কাঁধে
ডিজিটাল ব্যাংকিংয়ের নামে নতুন আর্থিক খাত গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু সে উদ্যোগের নিয়ন্ত্রক সংস্থা যদি নিজের তৈরি নীতিমালার প্রয়োগেই প্রশ্নের মুখে পড়ে, তাহলে পুরো ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। বিকাশের জন্য বিশেষ ব্যাখ্যা আর অন্যদের জন্য কঠোর বিধান- এমন ধারণা তৈরি হলে ডিজিটাল ব্যাংকিংয়ে সমান প্রতিযোগিতার পরিবেশও থাকবে না।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব শুধু লাইসেন্স দেয়া নয়; বরং আইন, নীতিমালা ও জনস্বার্থ রক্ষা করা। বিকাশের আবেদন যদি সত্যিই সব শর্ত পূরণ করে থাকে, তাহলে তার আইনগত ও মালিকানাগত ভিত্তি প্রকাশ করা হোক। আর যদি নীতিমালার কোনো বিধান শিথিল বা ব্যাখ্যা করে অনুমোদন দেয়া হয়ে থাকে, সেটিও জনসমক্ষে স্পষ্ট করা প্রয়োজন। নইলে প্রশ্ন থেকেই যাবে- ব্যাংক উদ্যোক্তা হতে পারবে না, অথচ ব্যাংকের ৫১ শতাংশ মালিকানাধীন প্রতিষ্ঠান পারবে; এটি কি নীতিমালার প্রয়োগ, নাকি নীতিমালার ফাঁক দিয়ে বিশেষ সুবিধা দেয়ার নজির?
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































