Apan Desh | আপন দেশ

সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৮, ৮ নভেম্বর ২০২৬

সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ছবি: আপন দেশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারিভাবে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এছাড়া ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এ মৌসুমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা ধরা হয়েছে। এছাড়া সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা হয়। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

আফরোজা খানম বলেন, কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। কোনোভাবেই যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। কৃষক যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, কৃষকের স্বার্থ, উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতিসহ সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে এফপিএমসি সভায় আমন সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> সৌদি সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

খাদ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপরও যদি কোনো কৃষক বেশি পরিমাণ ধান সরকারের কাছে বিক্রি করতে চান তাহলে তা কেনার ব্যবস্থা করা হবে। লক্ষ্যমাত্রার অজুহাতে কোনো কৃষককে ধান ক্রয় না করে ফেরত দেয়া যাবে না। কৃষক সরকারের কাছে ধান বিক্রি করতে এলে তার কাছ থেকে ধান কিনতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর ২০২৬ থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে। চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।

অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬ থেকে। যা চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।

প্রেস ব্রিফিংয়ে খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এমপি, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খান এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক মো. মাহাবুব রহমান উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়