ফাইল ছবি
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (০৯ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি। তিনি কখনোই দেশে ফিরবেন না। এ সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবে বলেও জানান তিনি।
এর আগে গতকাল শেখ হাসিনা আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি শেখ হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।
আরও পড়ুন<<>>নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা
এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি বাংলাদেশে ফিরতে চান।
দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।
চিঠিতে আইনজীবীরা বলেন, মক্কেলের আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে নতুন করে এসব নথি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন। শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধও জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, ২০২৪ সালের ০৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। জুলাই-আগস্টের অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেয়ার অভিযোগে এ দণ্ড দেয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































