Apan Desh | আপন দেশ

ওসিকে হুমকি দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অডিও ভাইরাল

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২০, ১৪ নভেম্বর ২০২৬

ওসিকে হুমকি দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অডিও ভাইরাল

ফাইল ছবি, আপন দেশ

ডিসেম্বরের পরও আপনাদের চাকরি করতে হবে-রাজশাহীর মোহনপুর থানার ওসি আতিকুর রহমানকে ফোনে এভাবে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকুর বিরুদ্ধে।

ওসির সঙ্গে তার ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ফোনালাপের অডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে মোহনপুরে ছাত্রলীগের মিছিল, নেতা-কর্মীদের হয়রানি এবং আগামী ডিসেম্বরের পরের পরিস্থিতি নিয়ে দুজনের কথোপকথন শোনা যায়।

ছড়িয়ে পড়া অডিওতে রুকুকে প্রথমে ওসির খোঁজখবর নিতে শোনা যায়। জবাবে ওসি আতিকুর রহমান জানান, তিনি নতুন যোগ দিয়েছেন। গত ০৪ নভেম্বর মোহনপুর থানায় দায়িত্ব নিয়েছেন। এরপর রুকু নিজেকে এলাকার পরিচিত ব্যক্তি পরিচয় দিয়ে বলেন, আপনি আমাদের এলাকায় অতিথি হিসেবে চাকরি করতে এসেছেন। আমরা অতিথির সম্মান করতে চাই।

কথোপকথনের একপর্যায়ে রুকু বলেন, মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে এবং ডিসেম্বর পর্যন্ত এ ধরনের মিছিল চলবে। ডিসেম্বরের পরও পুলিশ কর্মকর্তাদের এখানে চাকরি করতে হবে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের হয়রানি না করার জন্য ওসিকে অনুরোধ করেন তিনি। জবাবে ওসি বলেন, হয়রানি না তো ভাই, মোহনপুর ছোটখাটো এলাকা। এসব করে লাভ হবে না। 

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি

এরপর পুলিশ সদস্যদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন রুকু। তিনি বলেন, শেখ হাসিনার আমলে পুলিশ যতটা নিরাপদে ছিল, বর্তমান সরকারের আমলে সেই নিরাপত্তা আছে কি না, তা ওসিকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। বাংলাদেশকে এ অবস্থা থেকে মুক্ত করার কথাও বলেন তিনি।

ফোনালাপের একপর্যায়ে রুকুকে বলতে শোনা যায়, আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই। আমাদের সহযোগিতা করুন। কিন্তু আমাদের কোনো কর্মীকে যদি অযথা হয়রানি করেন ভাই, আমি ক্লিয়ার বলি-আপনাকে ডিসেম্বরের পরও চাকরি করতে হবে। আপনাকে কিন্তু আবার আমি মোহনপুর থানায় আনব।

ফোনালাপের শেষ দিকে ওসিকে সম্মান করার কথা জানিয়ে ধন্যবাদ দিয়ে কথোপকথন শেষ করেন রুকু। এ বিষয়ে বক্তব্য জানতে মোহনপুর থানার ওসি আতিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফোন করে বিভিন্ন স্থানে হুমকি দেয়া হচ্ছে। পুলিশ সুপার ছুটিতে আছেন। তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়