ছবি: আপন দেশ
আমরা বলতে চাই না ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাব। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সরকার ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অঞ্চলভেদে ২০টি কমিটি করা হয়েছে রাজধানীতে। বিভিন্ন দফতরের ব্যক্তিরা কমিটিতে রয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, কমিটি করার পর থেকে বেশ কিছু আপডেট এসেছে। ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১১২টি হাসপাতাল, এ ছাড়া বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে কমিটি।
তিনি আরও বলেন, ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কার্যক্রমে রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা) সম্পৃক্ত করার পরিকল্পনা নেয়া হচ্ছে। রাজধানীতে ৩৯ হাজার অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে তাদের ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
আরও পড়ুন<<>>সুন্দর বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহবান প্রতিমন্ত্রীর
তিনি জানান, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি আলাদা উয়িং করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।
তিনি আরও জানান, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে। অন্য সরকারগুলোর মতো আমরা বলতে চাই না যে, ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাব। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































