Apan Desh | আপন দেশ

মেসির বিদায়ী ম্যাচের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৩, ৫ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী ম্যাচের সম্ভাব্য একাদশ

ছবি : সংগৃহীত

লিওনেল মেসি। তার বিদায়ী ম্যাচ ঘিরে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে হবে এ ম্যাচটি।

তাকে বিদায় জানাতে স্টেডিয়ামে ৮৫ হাজারের বেশি দর্শকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

‘ওলে’র প্রতিবেদনে বলা হয়েছে, সতীর্থদের সঙ্গে প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। স্থানীয় সময় সোমবার (০৫ অক্টোবর) বিকেলে দ্বিতীয় অনুশীলনে দলের শেষ প্রস্তুতি সম্পন্ন করবেন কোচ লিওনেল স্কালোনি।

মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে আগের দুই ম্যাচের তুলনায় একাদশে বড় পরিবর্তন আসতে পারে। অভিজ্ঞ খেলোয়াড়দের বেশ কয়েকজনকে আবারও শুরুর একাদশে দেখা যেতে পারে।

বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে আগের দুই প্রীতি ম্যাচে খেলেননি মেসি। মূলত বিদায়ী ম্যাচকে সামনে রেখেই তাকে দলে রাখা হয়েছে। একই কারণে জিওভানি লো সেলসো, রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দিকেও স্কোয়াডে রাখা হয়েছে বলে জানা গেছে।

মেসিকে বিদায় জানানোর আগে অবশ্য দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। সাম্প্রতিক ফিফা উইন্ডোর প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর বুরকিনা ফাসোর বিপক্ষে আরও বড় জয় এসেছে, ৭-০ গোলে জিতেছে স্কালোনির দল।

এ দুই ম্যাচে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গঠনের কাজ এগিয়ে নিয়েছেন স্কালোনি। ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে এ প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে বেনিনের বিপক্ষে ম্যাচে কৌশল বা ভবিষ্যৎ পরিকল্পনার চেয়ে মেসিকে ঘিরেই থাকবে মূল আকর্ষণ।

আরও পড়ুন <<>> বিদায়ী ম্যাচ খেলতে অনুশীলন ক্যাম্পে মেসি

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনের তালিকাও দীর্ঘ। জাতীয় দলের জার্সিতে তিনি জিতেছেন ছয়টি বড় শিরোপা—২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ, ২০০৮ বেইজিং অলিম্পিকের স্বর্ণপদক, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ। আর্জেন্টিনার হয়ে তার গোলসংখ্যা ১২৫, সঙ্গে রয়েছে অসংখ্য ঐতিহাসিক মুহূর্ত।

অন্যদিকে মেসির বিদায়ী ম্যাচের আগে আত্মবিশ্বাসী বেনিনও। সর্বশেষ ম্যাচে আইভরি কোস্টের আবিদজানে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। এ জয়ে আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠেছে দলটি। বেনিনের পয়েন্ট ৪, সমান পয়েন্ট রয়েছে বুরকিনা ফাসোরও।

মৌরিতানিয়ার বিপক্ষে আগের ম্যাচের বেশির ভাগ খেলোয়াড়কেই একাদশে রেখেছিলেন জার্মান কোচ গের্নট রোর। তবে ম্যাচে পার্থক্য গড়ে দেন রাফায়েল আলোকো। তার জোড়া গোলে এগিয়ে যায় বেনিন, পরে একটি গোল শোধ করলেও ম্যাচে জয় ধরে রাখে তারা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সূচি অনুযায়ী, ৬ অক্টোবর (মঙ্গলবার) বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বেনিন। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ৭ অক্টোবর ভোর ৫টায়।

জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার মাটিতে মেসির সর্বশেষ ম্যাচ হয়েছিল গত ৩১ মার্চ। লা বোম্বোনেরায় জাম্বিয়ার বিপক্ষে সে ম্যাচে গোলও করেছিলেন তিনি। আর্জেন্টিনা জিতেছিল ৫-০ গোলে।

এবার সে আর্জেন্টিনার মাটিতেই জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। তাই বেনিনের বিপক্ষে ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা অধ্যায়ের আবেগঘন সমাপ্তির মঞ্চও হতে যাচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলকিপার), আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়