ছবি: আপন দেশ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন যদুনাথ বিশ্বাস। প্রথম রানার্সআপ হয়েছেন ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফ এবং দ্বিতীয় রানার্সআপ হন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান।
সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে ব্যতিক্রমধর্মী এ টুর্নামেন্টের আয়োজন করে ইবি সায়েন্স ক্লাব। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই ছিল প্রথম আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট।
দাবাপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর এ আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৭৪ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করে মর্নিং গ্লোরি চেস ক্লাব। সুশৃঙ্খল আয়োজন, প্রতিযোগিতামূলক পরিবেশ এবং অংশগ্রহণকারীদের উৎসাহ-উদ্দীপনায় টুর্নামেন্টটি হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক স্মরণীয় আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে দাবার গুরুত্ব তুলে ধরেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্নিং গ্লোরি চেস ক্লাবের সভাপতি ড. রতন কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তাফা।
আরও পড়ুন<<>>বিসিবি নির্বাচনে ৩ সদস্যের কমিশন গঠন
পুরো টুর্নামেন্টটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন নারী দাবাড়ু ও সংগঠক নওরিন ফাতেমা তোয়া। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গায় প্রথমবারের মতো এমন আয়োজন করেতে পেরে দারুণ তৃপ্ত তিনি। ভবিষ্যতে আরও বড় পরিসরে ভাল কিছুর আশা ব্যক্ত করে নওরিন ফাতেমা তোয়া বলেন, দাবা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। এ খেলায় দারুণ সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশে অনেক ভালমানের দাবাড়ু রয়েছে। অনেকে এ খেলায় আসতে চায়। কিন্তু অনেক জায়গাতে এ খেলার ব্যবস্থা নেই। যেমন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়েই এবার আমরা প্রথম কোনো টুর্নামেন্ট করেছি। খেলাটা যেন সারাদেশে ছড়িয়ে দেয়া যায় এ আবদেন জাতীয় ক্রীড়া পরিষদ ও সরকারের কাছে। আমরা এ ধরনের আয়োজনে ভবিষ্যতে আরও বড় পরিসরে করার আশা করছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































