Apan Desh | আপন দেশ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা 

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা 

ছবি: সংগৃহীত

উত্তেজনা, শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে এ ম্যাচ নিয়ে শুরু হয়েছে তুমুল উন্মাদনা। এ ম্যাচ দেখার জন্য এখন অধীর অপেক্ষায় দর্শকরা। রোববার (১৫ ফেব্রুযারি) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এ ম্যাচ ঘিরে এরই মধ্যে দর্শকদের ঢল নামায় বিমানভাড়া ও হোটেল বুকিংয়ের দাম হু হু করে বেড়েছে।

বিশ্ব ক্রিকেটের এ মহারণ দেখতে হাজারো সমর্থক শহরটিতে ভিড় জমাচ্ছেন। শ্রীলঙ্কার সবচেয়ে বড় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটির প্রায় ৩৫ হাজার টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। তবে ম্যাচকে সামনে রেখে কলম্বোর অধিকাংশ হোটেল কক্ষের ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। বিভিন্ন বুকিং সাইটের তথ্য অনুযায়ী, যেখানে সাধারণত প্রতি রাতের হোটেল ভাড়া ১০০ থেকে ১৫০ ডলার, সেখানে এখন তা বেড়ে সর্বোচ্চ ৬৬০ ডলার পর্যন্ত উঠেছে।

এ সপ্তাহে ম্যাচ চূড়ান্ত হওয়ার পর শেষ মুহূর্তের বুকিংয়ে চেন্নাই ও দিল্লির মতো বড় শহর থেকে কলম্বোগামী ফ্লাইটগুলোও প্রায় বুক হয়ে গেছে বলে জানিয়েছে তিনটি ট্রাভেল এজেন্সি। 

আরও পড়ুন<<>>বিশ্বকাপে নেপালকে উড়িয়ে ১০ উইকেটে জয় ইতালির

কলম্বো থেকে দেড় ঘণ্টার দূরত্বে অবস্থিত চেন্নাই থেকে বিমানের ভাড়া তিন গুণের বেশি বেড়ে ৬২৩ থেকে ৭৫৬ ডলারে পৌঁছেছে। আর দিল্লি থেকে ভাড়া বেড়েছে ৫০ শতাংশের বেশি, যা এখন প্রায় ৬৬৬ ডলার।

শ্রীলঙ্কা ইনবাউন্ড ট্যুর অপারেটরস এর সভাপতি নালিন জয়াসুন্দেরা বলেছেন, হোটেলগুলো প্রায় পুরোপুরি বুকড। তিনি আরও জানান, ‘অধিকাংশ সমর্থক অল-ইনক্লুসিভ প্যাকেজে আসছেন। টিকিট, হোটেল ও ফ্লাইটভাড়ার ওপর নির্ভর করে এসব প্যাকেজের দাম ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ডলার বা তারও বেশি হতে পারে।

প্রাচীন মন্দির, নির্মল সমুদ্রসৈকত ও সবুজ চা-বাগানের জন্য খ্যাত শ্রীলঙ্কার তৃতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়ের খাত হচ্ছে পর্যটন।

আয়োজকরা আশা করছেন, আরও বেশি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। দেশটি সম্প্রতি ভয়াবহ আর্থিক সংকট ও ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ওই ঘূর্ণিঝড়ে ৬৫০ জনের মৃত্যু হয়।

শ্রীলঙ্কা ট্যুরিজম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াওয়াসাম রয়টার্সকে জানান, ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে দেশটিতে আসা প্রায় ১ লাখ দর্শনার্থীর মধ্যে ২০ শতাংশই ভারত-পাকিস্তান ম্যাচ উপলক্ষে এসেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়