Apan Desh | আপন দেশ

আশপাশের দেশগুলোতে বাড়লেও, জ্বালানি তেলের দাম বাড়ায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৩, ৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৩:১৮, ৩ এপ্রিল ২০২৬

আশপাশের দেশগুলোতে বাড়লেও, জ্বালানি তেলের দাম বাড়ায়নি বাংলাদেশ

ছবি : আপন দেশ

ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে। পাশাপাশি ইসরায়েলকে সহযোগিতা ও তাদের সঙ্গে যুক্ত হয়ে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়া হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

সবশেষ যুদ্ধের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইরান। এরপর থেকে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগী দেশগুলোর কোনো জাহাজ এ পানিপথ দিয়ে যেতে পারছে না।

এর ফলে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে তেল এবং প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ পৌঁছানো কার্যত বন্ধ। এতে এসব দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।

বর্তমানে বিশ্ব অর্থনীতি এমন এক জ্বালানি সংকটের মুখোমুখি, যার ভয়াবহতা ১৯৭০-এর দশকের তেলের সংকটকেও ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA) বর্তমান পরিস্থিতিকে ইতিহাসের ‘সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছে।

এদিকে, জ্বালানির এ ক্লান্তিলগ্নে বিভিন্ন দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশ আগের দাম ঠিক রেখেছে। বর্তমান সরকারের এ পদক্ষেপকে অনেকেই সাধুবাদ জানাচ্ছে।

বাংলাদেশ : এ মুহূর্তে বাংলাদেশে জ্বালানি তেলের মজুত কত? কতদিনের চাহিদা পূরণ করা সম্ভব? এ প্রশ্নগুলো এখন বেশি আলোচনায়।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত দেশে ডিজেলের মজুত রয়েছে এক লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন।

এ ছাড়া সাত হাজার ৯৪০ মেট্রিক টন অকটেন, ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রোল এবং ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ডিজেলের গড় নিয়মিত চাহিদা ১২ হাজার মেট্রিক টনের মতো। অর্থাৎ মজুত থাকা ডিজেলে প্রায় ১১ দিনের মতো চলবে।

তার মানে এ নয় যে, জ্বালানি তেলের মজুত ফুরিয়ে শূন্য হয়ে যাবে। এ সময়ে নতুন করে আমদানি করা জ্বালানি তেলের চালান দেশে পৌঁছালে আবারও মজুত বাড়বে।

পাকিস্তান : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পাকিস্তানে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এক ধাক্কায় ডিজেল ও পেট্রোলের দাম বেড়েছে যথাক্রমে ৫৫ ও ৪৩ শতাংশ। সবশেষ বৃহস্পতিবার (০২ এপ্রিল) নতুন ঘোষণায় দেশটিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ১৩৭ রুপি বেড়ে ৪৫৮ দশমিক ৪ পাকিস্তানি রুপিতে পৌঁছেছে, যা ৪৩ শতাংশ বৃদ্ধি। 

অন্যদিকে, হাই-স্পিড ডিজেলের দাম ১৮৫ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৫২০ দশমিক ৩৫ রুপিতে, যা দেশটির ইতিহাসে অন্যতম বড় মূল্যবৃদ্ধি। 

এ ছাড়া কেরোসিনের দাম লিটারপ্রতি ৩৪ রুপি বেড়ে ৪৬৮ রুপি এবং লাইট ডিজেল অয়েলের দাম ৩০ রুপি বেড়ে ৩৯৫ রুপিতে নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ৬ মার্চ পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৫৫ রুপি বাড়ানো হয়েছিল। 

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলি পারভেজ মালিক জানান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এ মূল্যবৃদ্ধি অনিবার্য ছিল। আমেরিকা-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

শ্রীলঙ্কা : শ্রীলঙ্কা মোট জ্বালানির প্রায় ৬০ শতাংশই আমদানি করে এবং এর বড় অংশই আসে হরমুজ প্রণালি দিয়ে। বর্তমান দেশটির জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

এ সংকট মোকাবিলায় সরকার আবারও কিউআর কোড-ভিত্তিক জ্বালানি রেশনিং চালু করেছে—যা ২০২২ সালের অর্থনৈতিক সংকটের সময়ও করা হয়েছিল। নতুন ব্যবস্থায় মোটরসাইকেল প্রতি সপ্তাহে ৮ লিটার, টুক-টুক ২০ লিটার, ব্যক্তিগত গাড়ি ২৫ লিটার, বাস ১০০ লিটার ডিজেল এবং ট্রাক ২০০ লিটার ডিজেল পেতে পারে।

তবে শুধু সংকটই নয়, জ্বালানির দামও বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। এর প্রভাব পড়েছে পরিবহন খরচে, যা নিম্নআয়ের মানুষের ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে দেশটির সার আমদানিতেও বিঘ্ন ঘটেছে। কারণ বিশ্বের প্রায় অর্ধেক ইউরিয়া এই হরমুজ প্রণালি হয়েই আসে। ফলে খাদ্যের দামও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। গবেষণা অনুযায়ী, শ্রীলঙ্কায় খাদ্যের মূল্য প্রায় ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

নেপাল : বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ সংকটের কারণে নেপাল তাদের জেট ফুয়েলের দাম প্রায় দ্বিগুণ করেছে। এর ফলে দেশটির পর্যটননির্ভর অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রায় ৩ কোটি জনসংখ্যার স্থলবেষ্টিত দেশ নেপাল জ্বালানির জন্য ভারতের ওপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামায় দেশটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।

বৃহস্পতিবার নেপাল অয়েল করপোরেশনের (এনওসি) মুখপাত্র মনোজ কুমার ঠাকুর এএফপিকে বিমান জ্বালানির দাম বৃদ্ধির তথ্য নিশ্চিত করেছেন। 

এনওসির বিবৃতি অনুযায়ী, প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১২৭ নেপালি রুপি থেকে ৯৭ দশমিক ৬ শতাংশ বাড়িয়ে ২৫১ রুপি করা হয়েছে।

ভারত : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ভারতের জ্বালানিতেও পৌঁছেছে। দেশটির তেল মন্ত্রণালয় গত ২৬ মার্চ জানিয়েছে, আগামী ৬০ দিনের জন্য প্রয়োজনীয় অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জনগণের প্রতি তাদের আহ্বান, আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা বা মজুতের প্রয়োজন নেই।

ভারতের আমদানির প্রায় অর্ধেক তেল এবং উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি ও পেট্রোলিয়াম গ্যাস সাধারণত হরমুজ প্রণালির মাধ্যমে আসে। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহে কমতি নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ কারণে হরমজু প্রণালিতে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তাতে বিশেষ সমস্যা হচ্ছে না দেশটিতে।

মিয়ানমার : দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মতো তীব্র জ্বালানি সমস্যায় ভুগছে মিয়ানমারও। বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হচ্ছে গাড়িচালকদের। 

দেশটির জান্তা সরকার ইতোমধ্যে একদিন অন্তর করে বেসরকারি গাড়ি বের করার নির্দেশ জারি করেছে। দেশের কোনো সাধারণ নাগরিক সপ্তাহে ৩৫ লিটারের বেশি তেল কিনতে পারবেন না বলেও জানানো হয়েছে।

ব্যক্তিগত যানবাহনে প্রতিদিন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। লাইসেন্স নম্বর জোড় না বিজোড়, তার ভিত্তিতে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। অর্থাৎ জোড় নম্বরের ব্যক্তিগত যানবাহন একদিন, বিজোড় নম্বরের আরেক দিন। এই ভিত্তিতে ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। তবে বৈদ্যুতিক গাড়ি এ নিয়মের বাইরে। 

এ ছাড়া ডিজিটাল কিউআর কোডের মাধ্যমে জ্বালানি কেনাবেচায় নজরদারির ব্যবস্থা চালু করা হয়েছে।

চীন : চীনকে বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ বলা হয়। দেশটি অনেক দিন ধরেই সরবরাহ–ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে আসছে। তেলের দাম যখন কম ছিল এবং যখন সরবরাহও পর্যাপ্ত ছিল, তখন তারা বিপুল পরিমাণ মজুত গড়ে তুলেছে। তাদের মজুতের পরিমাণ আনুমানিক ৯০ কোটি ব্যারেল, যদিও এটা তাদের প্রায় তিন মাসের আমদানির সমান।

বর্তমান পরিস্থিতিতে বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে চীনা কর্তৃপক্ষ সাময়িকভাবে তেলজাত পণ্য রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়