Apan Desh | আপন দেশ

রাজকীয় সংবর্ধনা সাফজয়ী যুবাদের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৪, ৫ এপ্রিল ২০২৬

রাজকীয় সংবর্ধনা সাফজয়ী যুবাদের

টানা দ্বিতীয়বারে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। মালদ্বীপের মাটিতে ইতিহাস গড়ে দেশে ফেরা ট্রফি জয়ী বীরদের রাজকীয় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (০৪ এপ্রিল) রাতে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে এ সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ শেষে এ আয়োজন যেন সাফল্যের ষোলোকলা পূর্ণ করে।

সংবর্ধনা অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন মাঠ কাঁপানো ফুটবলাররা। মঞ্চে উঠে অধিনায়ক মিঠু চৌধুরী অত্যন্ত সহজভাবে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, এ অর্জনের পেছনে যে হাড়ভাঙা খাটুনি আর ঘাম লেগেছে, তা সার্থক হয়েছে আপনাদের ভালোবাসায়। এ ট্রফিটি দেশবাসীকে উৎসর্গ করছি।

দলের প্রধান কোচ মার্ক কক্স ছেলেদের লড়াকু মানসিকতায় মুগ্ধ। মাত্র এক মাসের চুক্তিতে আসলেও তিনি দলকে দিয়ে গেছেন বড় লক্ষ্যের ঠিকানা। কক্স বলেন, এ ছেলেরা দেশের জন্য জানপ্রাণ দিয়ে লড়েছে। আমরা মাঠে একাত্তরের সে লড়াকু চেতনা দেখাতে চেয়েছিলাম এবং সফল হয়েছি। আমার বিশ্বাস, এ দলটাই ২০৩৪ সালের সৌদি আরব বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও সুর মেলালেন কোচের সঙ্গে। তিনি মনে করেন, এ শিরোপা জয় কেবল একটা দিনের সাফল্য নয়, বরং এটি ২০৩৪ বিশ্বকাপের পথে আমাদের লম্বা যাত্রার শুভ সূচনা।

আরও পড়ুন<<>>ভারতকে চিঠি পাঠানো নিয়ে মুখ খুলল বিসিবি

টুর্নামেন্টে অপরাজিত থাকা এ দলটির প্রতিটি ম্যাচেই ছিল বীরত্বের ছাপ। বিশেষ করে ভারতের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারের সে স্নায়ুচাপ সামলানোর গল্প শোনালেন শিরোপা নির্ধারণী গোল করা রোনান সুলিভান। অন্যদিকে, তার ভাই ডেকলান সুলিভান অভিভূত বাংলাদেশি সমর্থকদের উন্মাদনায়। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, মালদ্বীপ কিংবা অনলাইন—সবখানে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, তা অতুলনীয়। আমার চোখে বাংলাদেশের ফুটবল সমর্থকরাই বিশ্বের সেরা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ দলটিকে কেন্দ্র করেই ভবিষ্যৎ জাতীয় দল গড়ার আশাবাদ ব্যক্ত করেন। প্রবাসী ও দেশি ফুটবলারদের সমন্বয়ে একটি শক্তিশালী স্কোয়াড তৈরির ওপর তিনি জোর দেন।

সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাফুফের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের প্রতিটি ফুটবলারকে ১ লাখ টাকা এবং কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে বোনাস দেয়ার ঘোষণা দিয়েছেন বাফুফে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকেও খেলোয়াড়দের জন্য ৫০ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়