ছবি: সংগৃহীত
টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছে ইতালি। ফুটবলে এক সময়ের পরাশক্তি দেশটি এবার ক্রিকেট বিশ্বমঞ্চেও নিজেদের জানান দিল। উদ্বোধনী ম্যাচে হারের হতাশা থাকলেও দ্বিতীয় ম্যাচেই বড় জয় তুলে নিয়েছে দলটি। নেপালকে তারা হারিয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে বোলিং করে নেপালকে ১২৩ রানে গুটিয়ে দেয় ইতালি। বোলিংয়ে মূল ভূমিকা রাখেন লেগ স্পিনার কালুগামাগে ও অফস্পিনার মানেন্তি। কালুগামাগে ১৮ রানে নেন ৩ উইকেট। মানেন্তি ৯ রানে শিকার করেন ২টি উইকেট।
সহজ লক্ষ্য তাড়ায় একচেটিয়া আধিপত্য দেখায় ইতালির দুই ওপেনার। দুই ভাই জাস্টিন মোস্কা ও অ্যান্থনি মোস্কা দলকে অনায়াস জয় এনে দেন। কোনো উইকেট না হারিয়েই ৪৪ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করে ইতালি।
জাস্টিন মোস্কা ৪৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৬০ রান করেন। অ্যান্থনি মোস্কা ছিলেন আরও বেশি আক্রমণাত্মক। তিনি ৩২ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছিল ইতালি। দ্বিতীয় ম্যাচে এসে দারুণভাবে ঘুরে দাঁড়াল দলটি।
আরও পড়ুন <<>> প্রথমবার ভোট দিলেন মোরসালিন, হতাশ ঋতুপর্ণা
অন্যদিকে নেপাল আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখালেও একই ভেন্যুতে এদিন ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৩ উইকেটে ৯৩ রান থেকে দলটি মাত্র ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে যায়।
নেপালের পক্ষে সর্বোচ্চ রান করেন আরিফ শেখ (২৭)। এছাড়া রোহিত পাউডেল ২৩, আসিফ শেখ ২০ এবং দীপেন্দ্র সিং করেন ১৭ রান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































