Apan Desh | আপন দেশ

ট্রাম্পের আলটিমেটামকে পাত্তা দিচ্ছে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৩৬, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ০৯:৪১, ৫ এপ্রিল ২০২৬

ট্রাম্পের আলটিমেটামকে পাত্তা দিচ্ছে না ইরান

ছবি : সংগৃহীত

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানে ‘নরক’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ আলটিমেটামকে পাত্তা না দিয়ে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দফতর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে। 

বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহি আলীআবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এ হুমকি একটি ‘অসহায়, দিশেহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ।

স্থানীয় সময় শনিবার (০৪ এপ্রিল) হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ইরানের প্রতি ৪৮ ঘণ্টার আলটিমেটাম পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া  পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।

তবে ট্রাম্পের এ হুমকির জবাবে আলীআবাদি সতর্ক করে বলেন, এ বার্তার সহজ অর্থ হলো—আপনাদের জন্য দোজখের দরজাগুলো খুলে যাবে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, তেহরান তার নিজস্ব পরিকল্পনা এবং ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তু’ (টার্গেট ব্যাংক) অনুযায়ী যুদ্ধের পথে অগ্রসর হচ্ছে। একইসঙ্গে তিনি খুব শিগগিরই ওয়াশিংটন ও তেলআবিবের জন্য একটি ‘বড় বিস্ময়’ অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন।

আরও পড়ুন<<>>ট্রাম্পের হুমকিকে সিনেটরের সমর্থন

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের হাতে থাকা ‘টার্গেট ব্যাংক’ বা লক্ষ্যবস্তুর তালিকাটি একেবারেই নির্ভুল নয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিভিন্ন সেতুতে হামলার যে হুমকি দিয়েছেন, তাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। 

ওই নিরাপত্তা কর্মকর্তার দাবি, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করাসহ সাম্প্রতিক সামরিক অভিযানগুলোতে আমেরিকার ব্যর্থতা ঢাকতেই ট্রাম্প এমন অবাস্তব হুমকি দিচ্ছেন।

বিপজ্জনক বার্তা দিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, আমেরিকা ও ইসরায়েলি জান্তার জন্য আমাদের কাছে একটি বড় বিস্ময় জমা আছে। এটি প্রকাশের জন্য কেবল কিছুটা সময়ের অপেক্ষা। দক্ষিণ ইরানে তাদের বর্তমান আচরণ ঘটনাক্রমকে আমাদের অনুকূলে নিয়ে আসার সময়কে আরও ত্বরান্বিত করতে পারে।

অ্যাসিম্যাট্রিক ওয়ারফেয়ার বা ‘অপ্রতিসম যুদ্ধ’ কৌশলে ইরান যথেষ্ট পারদর্শী উল্লেখ করে তিনি জানান, শত্রুকে কীভাবে ক্লান্ত ও বিপর্যস্ত করতে হয় তা তেহরান ভালোভাবেই রপ্ত করেছে। তার মতে, স্বচ্ছ, দ্রুত এবং সহজ হামলার মাধ্যমে বিজয় অর্জনের যে কৌশল আমেরিকা গ্রহণ করেছিল, তা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানি কর্মকর্তার এ মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। বিশেষ করে ‘বড় বিস্ময়’ বলতে ইরান কোনো উন্নত সমরাস্ত্র নাকি নতুন কোনো রণকৌশল বোঝাতে চেয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়