Apan Desh | আপন দেশ

রাজধানীর যানজট কমাতে ডিএমপির কঠোর পদক্ষেপ 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৭, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ২৩:০৮, ৫ এপ্রিল ২০২৬

রাজধানীর যানজট কমাতে ডিএমপির কঠোর পদক্ষেপ 

ফাইল ছবি

ঢাকা মহানগরীর যানজট কমাতে বড় পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শহরের ভেতরে থাকা অনুমোদনহীন আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। রোববার (০৫ এপ্রিল) ডিএমপি সদর দফতর থেকে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে নাগরিক সেবা উন্নত করার লক্ষ্যও রয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের বিভিন্ন এলাকায় অনুমোদনহীনভাবে আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার পরিচালিত হচ্ছে। অনেক ক্ষেত্রে রুট পারমিট ছাড়াই এসব কার্যক্রম চলছে।

এসব কাউন্টার থেকে পার্কিং, যাত্রী ওঠানামা ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হওয়ায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে দিনে যেমন সমস্যা হচ্ছে, তেমনি রাতেও সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

এ পরিস্থিতিতে ৭ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল ছাড়া অন্য কোথাও আন্তঃজেলা বাসের কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে থাকা অবৈধ নাইট কোচ কাউন্টার নিজ উদ্যোগে অপসারণ করতে বলা হয়েছে।

আরও পড়ুন <<>> সরকার সব ধর্মের মানুষকে একচোখে দেখতে চায়: প্রধানমন্ত্রী 

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল জব্দসহ ব্যবস্থা নেয়া হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়