Apan Desh | আপন দেশ

ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আসছে নৌযান: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৯, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ২২:০৮, ৫ এপ্রিল ২০২৬

ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আসছে নৌযান: প্রতিমন্ত্রী

ছবি: আপন দেশ

দেশের নৌপথকে নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক করতে সব নৌযানকে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। পাশাপাশি নৌযানের সুষ্ঠু নিবন্ধন, পরিচালনা এবং নৌপথে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

রোববার (০৫ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদফতরের প্রধান কার্যালয়ে পণ্য পরিবহনে নিয়োজিত লাইটার জাহাজগুলোর জ্বালানি সংকট নিরসন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন<<>>রাজধানীর যানজট কমাতে ডিএমপির কঠোর পদক্ষেপ 

এসময় প্রতিমন্ত্রী জানান, বর্তমানে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান পরিচালনায় কোনও ধরনের জ্বালানি সংকট নেই এবং নৌপরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে ভবিষ্যতে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায় নৌপরিবহন মন্ত্রণালয় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এর অংশ হিসেবে নৌযানগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে একটি কো-অর্ডিনেশন সেল গঠন করা হবে। এছাড়া জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও সমন্বয় সভা আয়োজন করা হবে। 

বর্তমান সরকার নৌ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, দেশের নৌপথে চলাচলরত সব নৌযানকে আইন মেনে পরিচালনা করতে হবে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সবাইকে সংযমী ও সাশ্রয়ী হতে হবে। কোনও ধরনের অবৈধ মজুত বা অপচয় বরদাশত করা হবে না। 

মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়