ছবি: আপন দেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন, বহন ও বিক্রির দায়ে দুই যুবককে এক বছর এবং মাদক সেবন ও বহনের দায়ে আরেক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকার মুকুল মিয়ার ছেলে মো. রিয়াদ (৩০), মাঝিপাড়া এলাকার জসিজল হকের ছেলে এনাতুল হক (৩২) এবং ডাংধরা ইউনিয়নের চেংটিমারি গ্রামের মৃত সোলাইমান ইসলামের ছেলে জহুরুল ইসলাম জুয়েল (২৯)।
আরও পড়ুন<<>>রাজশাহীতে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার ২
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রিয়াদ ও এনাতুল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। শনিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় শহরের মাঝিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় তাদের কাছ থেকে ১৭টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অন্যদিকে মাদক সেবনরত অবস্থায় জুয়েলকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন জানান, মাদক সেবন, বহন ও বিক্রির বিষয়টি রিয়াদ ও এনাতুল স্বীকার করেছেন। অপরাধ নিশ্চিত হওয়ায় তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অপর যুবক জুয়েল মাদক সেবন ও বহনের কথা স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানান তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































