Apan Desh | আপন দেশ

পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, সাংবাদিকের উপর হামলা

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৬, ২১ নভেম্বর ২০২৬

পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষ, সাংবাদিকের উপর হামলা

ছবি: আপন দেশ

‎পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। ভাঙচুর করা হয় তার ক্যামেরা। 

খবর পেয়ে রিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। বাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়ায় করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের এমপি অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেয়া হয়। এর পর পাল্টাপাল্টি বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের বসত বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এসব ঘটনার জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুইদিন বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগর পাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা বিরাজ করছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি আইনশৃঙ্খলা সভা হয়। স্থানীয় এমপি সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

আরটিভি’র বেড়া উপজেলা প্রতিনিধি মো. শাহজালাল জানান, সভা শেষে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি সমর্থিত উত্তেজিত জনতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হয়।  

আরও পড়ুন<<>>পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ

অন্যদিকে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃলিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। যা দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। 

এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইট পাটকেল ছোঁড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

বিকেল চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল। এদিকে, সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে স্থানীয় এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিপরীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোঁড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জনতে চাইলে বিএনপির স্থানীয় এমপি সেলিম রেজা হাবীব বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে রন্জুর লোকজন কিছু লোককে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে পাঠিয়েছিল। বিএনপি ও স্থানীয় জনতা তাদের রুখে দিয়েছে।  রন্জু ভিডিও কলে লাইভে এসে তাদের লোকজনকে হামলা করার নির্দেশ দিলে তাদের কিছু কর্মী এসেছিল। তাদের মধ্যে কয়েকজন পার্শবর্তী শাহজাদপুর উপজেলার লোকজন ছিল। সাধারণ জনতা ও আইনশৃঙ্খলাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করেছে। পরিস্থিতি এখন শান্ত।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়