Apan Desh | আপন দেশ

জাপা চেয়ারম্যানের বাসায় হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:১৮, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:১৮, ১২ অক্টোবর ২০২৬

জাপা চেয়ারম্যানের বাসায় হামলা-ভাঙচুর

ছবি: আপন দেশ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। জিএম কাদের নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালবেলা আমি নাশতা করছিলাম। এমন সময় হঠাৎ করে ৫০ থেকে ৬০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দেয়। পরে ইটপাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। এ সময় ভারতের দালাল বলে স্লোগানও দেয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জাপা চেয়ারম্যান বলেন, জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। তবে বাসার গেটে তালা লাগানো থাকায় কেউ ভেতরে ঢুকতে পারেনি।

হামলাকারী কারা, এ প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন, আমি ভেতরে ছিলাম, তারা কারা আমি বুঝতে পারিনি।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, আজ (সোমবার) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে।

ঘটনার বর্ণনায় তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় ব্যানার নিয়ে একদল নারী-পুরুষ বাসার সামনে অবস্থান নেন। মিনিট দশেক পরে সেখান থেকে জি এম কাদেরের বাসায় ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে লোকজন ভাঙচুর শুরু করে। 

আরও পড়ুন<<>>স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, বেলা ১১টার দিকে অচেনা নম্বর থেকে ফোন করে বলা হয়, জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে যাই, কিন্তু কাউকে পাইনি। সাধারণ জনতার ব্যানারে ৩০-৪০ জন ওই বাসায় হামলা চালিয়েছে। তারা বাইরে থেকেই ঢিল ছুড়ে ভাঙচুর করেছে, তবে ভেতরে কেউ ঢুকতে পারেনি।

বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

এদিকে একাধিক ভিডিওতে দেখা যায়, এক দল লোক ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে জি এম কাদেরের বাসায় ইট নিক্ষেপ করছে। তাদের হাতে ছিল একাধিক ব্যানার। এ সময় তাদেরকে আরও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় এবং জি এম কাদেরের গ্রেফতারের দাবিও জানান।

অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় পরবর্তী করণীয় পরে জানিয়ে দেয়া হবে। তবে কারা এ হামলা চালিয়েছে, হামলায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়