তারেক রহমান ও শাহবাজ শরিফ : ফাইল ছবি
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক এক্স বার্তায় এ অভিন্দন জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া পোস্টে তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান শাহবাজ শরিফ। তিনি বলেন, আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ। আমাদের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং দক্ষিণ এশিয়াসহ বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য পূরণে আমরা একসঙ্গে কাজ করব।
এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি ২৯৯টি আসনে সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, ১২ কোটি ৭০ লাখের বেশি নিবন্ধিত ভোটারের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন<<>>ভূমিধস বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন
আসিফ আলি জারদারি বলেন, বাংলাদেশের এ নির্বাচন দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য পুরোনো ধাপ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি সুযোগ। তিনি অভিযোগ করে বলেন, এতদিন আঞ্চলিক সহযোগিতা—বিশেষ করে সার্ক-এর (SAARC) কার্যক্রম ভারতের কাছে জিম্মি ছিল। ১৯৮৫ সালে বাংলাদেশে জন্ম নেয়া এ মহান সংস্থাটিকে ভারত পঙ্গু করে রেখেছে।
তিনি আশা প্রকাশ করেন যে, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ দক্ষিণ এশিয়ায় আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্ক তৈরিতে সহায়ক হবে।
প্রেসিডেন্ট জারদারি বাণিজ্য, প্রতিরক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক ফোরামগুলোতে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের স্থায়িত্ব, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































