Apan Desh | আপন দেশ

নিরাপত্তা দিতে না পারলে আমরা আমাদের পথ দেখব: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:২৭, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:২৮, ১২ নভেম্বর ২০২৬

নিরাপত্তা দিতে না পারলে আমরা আমাদের পথ দেখব: নাহিদ ইসলাম

ছবি: আপন দেশ

এমপির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শত্রুপক্ষের মানবাধিকার নিয়ে সরকার বেশি উদ্বিগ্ন থাকলে নিজেদের নিরাপত্তার পথ নিজেদেরই দেখতে হবেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রথম লক্ষ্যবস্তু তারা হলেও পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারেন সরকারের লোকজনও।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন তোলেন।

নাহিদ ইসলাম সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিবরণ তুলে ধরেন। একই সঙ্গে সরকারের নিরাপত্তা দেয়ার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে স্পষ্ট জবাব দাবি করেন।

তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয়া হয়। এ ঘটনায় বাড়িতে থাকা গবাদিপশু আগুনে পুড়ে মারা গেছে বলেও সংসদকে জানান তিনি।

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, রাত থেকেই তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। তিনি নিজেও কুষ্টিয়ার এসপি সঙ্গে কথা বলেছেন।

অথচ বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানার ওসি বলেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।

নাহিদ ইসলাম প্রশ্ন তুলে বলেন, কোনো ফরেনসিক দল ঘটনাস্থলে না যাওয়া এবং ফরেনসিক তদন্ত ছাড়াই থানার ওসি কীভাবে ঘটনাটিকে পেট্রোল বোমা হামলা নয় বলে মন্তব্য করলেন, তা তার বোধগম্য নয়। 

আরও পড়ুন<<>>রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেয়ায় ব্যস্ত: স্পিকার

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহবায়ক বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তাতে কারা প্রধান লক্ষ্যবস্তু, তা এখন স্পষ্ট। এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

 এ ছাড়া সারা দেশে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও ককটেল বিস্ফোরণ হচ্ছে বলে জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন,এমপি থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তা স্পষ্টভাবে জানিয়ে দেয়ার আহবান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমাদের মানবাধিকার নিশ্চিত করা না হলে এবং শত্রুপক্ষের মানবাধিকার নিয়ে সরকার বেশি উদ্বিগ্ন থাকলে নিজেদের নিরাপত্তার পথ নিজেদেরই দেখতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রথম লক্ষ্যবস্তু তারা হলেও পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারেন সরকারের লোকজনও।

ফ্যাসিবাদ শক্তির নৃশংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের পরিবার আক্রান্ত হলে সরকারের মন্ত্রী-এমপিদের পরিবারও রেহাই পাবে না। তাই আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের অবস্থান এবং আপসকামিতার অভিযোগের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।

বিরোধী দলীয় চিফ হুইপের বক্তব্যের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ বিষয়ে রুলিং দিয়ে স্পিকার বলেন, বিরোধী দলীয় চিফ হুইপ যে প্রশ্ন তুলেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন এমপির বাড়িতে হামলার ঘটনা গুরুতর। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়