ফাইন ফুডস লিমিটেডের লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেডের ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে বিভিন্ন খাতের লেনদেন ও হিসাব নিয়ে গুরুতর আপত্তি তুলেছেন নিরীক্ষক। বিক্রি, পাওনা আদায়, ক্রয়, মজুদ পণ্য, কৃষিজ সম্পদের মূল্যায়ন এবং কর্মীদের সুবিধা-সংক্রান্ত হিসাবে একাধিক অসংগতি ও বিধি লঙ্ঘনের বিষয় উঠে এসেছে।
অধিকাংশ লেনদেন নগদে হওয়ায় বিক্রি ও ক্রয়ের প্রকৃত সত্যতা নিশ্চিত করতে পারেননি নিরীক্ষক। এমনকি ১৯ কোটি ৭২ লাখ টাকার মজুদ পণ্যের পরিমাণও নির্ভরযোগ্যভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ছাড়া ন্যূনতম পরিশোধিত মূলধনের শর্ত পূরণ না করা এবং কর্মীদের জন্য গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড গঠন না করার বিষয়টিও নিরীক্ষায় উঠে এসেছে।
নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির রাজস্ব ও অন্যান্য বিক্রির পরিমাণ ছিল ২৯ কোটি ২১ লাখ টাকা। এ সময়ে বিক্রির বিপরীতে আদায় হয়েছে ২২ কোটি ৮ লাখ ৬০ হাজার ৯৩০ টাকা। এর মাত্র ২০ দশমিক ৯৩ শতাংশ অর্থ ব্যাংকিং চ্যানেলে আদায় করা হয়েছে। অর্থাৎ আদায়ের বড় অংশই হয়েছে নগদে।
অন্যদিকে, গবাদি পশু কেনায় ৮৯ লাখ ৮০ হাজার টাকা এবং কাঁচামাল, পোনা ও মুরগির বাচ্চা কেনায় ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় করেছে কোম্পানিটি। এসব লেনদেনের পক্ষে কাগজপত্র থাকলেও নগদে সম্পন্ন হওয়ায় সেগুলোর প্রকৃত সত্যতা নিশ্চিত করতে পারেননি নিরীক্ষক।
কৃষিজ সম্পদ ও গবাদি পশুর মূল্যায়ন নিয়েও আপত্তি রয়েছে নিরীক্ষকের। প্রতিবেদনের নোট ৫.০৩ অনুযায়ী, কোম্পানিটির ক্যাপিটাল স্টকের পরিমাণ ১ কোটি ২০ লাখ টাকা। আন্তর্জাতিক হিসাবমান আইএএস-৪১ অনুযায়ী, এ ধরনের জীবন্ত সম্পদ ন্যায্যমূল্যে মূল্যায়ন করার কথা। কিন্তু কোম্পানিটি সেগুলো ঐতিহাসিক ক্রয়মূল্যে দেখিয়েছে। ন্যায্যমূল্য নির্ধারণ না করায় আর্থিক প্রতিবেদনে এর ফলে কত টাকার ভুল হয়েছে, তা নির্ধারণ করতে পারেননি নিরীক্ষক।
আরও পড়ুন<<>>সাপ্তাহিক দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড
মজুদ পণ্যের হিসাবেও রয়েছে অসংগতি। ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির মজুদ পণ্যের পরিমাণ দেখানো হয়েছে ১৯ কোটি ৭২ লাখ টাকা। নিরীক্ষক সরেজমিনে যাচাইয়ে অংশ নিলেও জীবন্ত মাছ ও অন্যান্য জৈব মজুদের প্রকৃতি বিবেচনায় সেগুলোর প্রকৃত পরিমাণ নির্ভরযোগ্যভাবে নিশ্চিত হতে পারেননি। এতে মজুদ পণ্য ও বিক্রীত পণ্যের ব্যয়ের হিসাবে ভুল থাকার আশঙ্কা রয়েছে।
কর্মীদের বেতন-ভাতা পরিশোধের পদ্ধতি নিয়েও আপত্তি তুলেছেন নিরীক্ষক। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে কোম্পানিটি ৫১ লাখ ৫৭ হাজার ২৩৫ টাকা ব্যয় দেখিয়েছে। তবে কর্মীদের বেতন নগদে পরিশোধ করা হয়েছে। আয়কর আইন, ২০২৩-এর ৫৫(ত) ধারা অনুযায়ী, ব্যাংকিং চ্যানেলের বাইরে বেতন পরিশোধ করা হলে তা গ্রহণযোগ্য ব্যয় হিসেবে বিবেচিত হবে না। ফলে এ ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কোম্পানিটির পরিশোধিত মূলধন নিয়েও প্রশ্ন রয়েছে। আর্থিক প্রতিবেদনে ফাইন ফুডসের পরিশোধিত মূলধন দেখানো হয়েছে ১৩ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ১৮০ টাকা। অথচ বিএসইসির বিধিবিধান অনুযায়ী, প্রয়োজনীয় ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা। সে হিসাবে নির্ধারিত সীমার চেয়ে কোম্পানিটির মূলধন ১৬ কোটি ২ লাখ ৬০ হাজার ৮২০ টাকা কম। এটিকেও বিধিবিধানের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন নিরীক্ষক।
এ ছাড়া কর্মীদের জন্য কোনো গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড গঠন করেনি কোম্পানিটি। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী কর্মীদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। আন্তর্জাতিক হিসাবমান আইএএস-১৯ অনুযায়ী, কর্মীদের এসব সুবিধার বিপরীতে দায় আর্থিক প্রতিবেদনে স্বীকৃতি দেয়ার কথা। কিন্তু কোম্পানিটি তা করেনি। এতে দায়, ব্যয় ও শেয়ারহোল্ডারদের ইক্যুইটিতে কী পরিমাণ প্রভাব পড়েছে, তা নির্ধারণ করতে পারেননি নিরীক্ষক।
এসব বিষয়ে ফাইন ফুডসের সচিব মো. সোহেল হোসাইন গণমাধ্যমকে বলেন, নিরীক্ষক তাদের মতো প্রশ্ন তুলেছেন এবং আমরা জবাব দিয়েছি। এর মধ্যে নগদ লেনদেনের বিষয়টি কমিয়ে আনার চেষ্টা করছি। এ ছাড়া অন্যান্য বিষয় সমাধানে কাজ চলছে। তবে মাছের ব্যবসা হওয়ায় পানির নিচে প্রকৃত মজুদ যাচাই করা কঠিন।
আপন দেশ/কেএম/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































