ছবি: আপন দেশ
দেশের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মোট আসন রয়েছে ১৬ হাজার ৯৩টি। এ বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বাড়তে পারে। নতুন করে চারটি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মোট আসন সংখ্যা বেড়ে ১৬ হাজার ৬৪৩টিতে দাঁড়াতে পারে।
সম্ভাব্য নতুন চার বিশ্ববিদ্যালয় হলো- বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়।
তবে, এসব বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্তির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন।
১ নভেম্বর দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের আসন সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়।
সেই তথ্যানুযায়ী, বর্তমানে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে মোট ১৬ হাজার ৯৩টি আসন রয়েছে।
কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন : প্রকাশিত তথ্য অনুযায়ী, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৫১৫টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১৭৫টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৯৫টি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭০টি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৮৫০টি আসন রয়েছে।
এ ছাড়া, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ৩৯০টি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১২৬টি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৭৫টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬১১টি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩০টি আসন রয়েছে।
অন্যদিকে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩০টি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮০টি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯০টি, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০৪টি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৫০টি আসন রয়েছে।
পাশাপাশি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০টি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে ২২০টি, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭২টি, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০টি এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬০টি আসন রয়েছে।
আরও পড়ুন <> নিবন্ধিত শিক্ষক নিয়োগে সুখবর
নতুন চার বিশ্ববিদ্যালয়ে কত আসন হতে পারে : গুচ্ছে নতুন করে যুক্ত হওয়ার সম্ভাবনায় থাকা মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভাগ দুটির অনুমোদন মিললে বিশ্ববিদ্যালয়টিতে প্রাথমিকভাবে ৮০ থেকে ১০০টি আসন থাকতে পারে।
অন্যদিকে, বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনও বিভাগ অনুমোদন পায়নি। এসব বিশ্ববিদ্যালয়ের বিভাগ অনুমোদন এবং ইউজিসির প্রয়োজনীয় সিদ্ধান্তের পরই আসনসংখ্যা চূড়ান্ত হবে।
প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় তিনটির প্রতিটিতে আনুমানিক ১০০ থেকে ১৫০টি করে আসন থাকতে পারে। অর্থাৎ, চারটি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হলে গুচ্ছের মোট আসন ৩৮০ থেকে ৫৫০টি পর্যন্ত বাড়তে পারে।
আরও পড়ুন <> ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে গুচ্ছ পদ্ধতি : শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় ইউজিসি।
এ পদ্ধতির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন কমানো। একটি সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হয়।
২০২৬-২৭ শিক্ষাবর্ষেও এ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রয়েছে।
তবে, নতুন চার বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হবে কিনা এবং সেগুলোর আসন সংখ্যা কত হবে, তা সংশ্লিষ্ট বিভাগগুলোর অনুমোদন ও ইউজিসির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































