Apan Desh | আপন দেশ

‘বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১১, ১৪ নভেম্বর ২০২৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর’

ছবি: আপন দেশ

বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা ১৯৭৫ সালের ৭ নভেম্বর শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব কেবল একটি ঐতিহাসিক ঘটনাই নয়, বরং এটি ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সূচনা করেছিলেন।

বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে। সার্বভৌমত্ব রক্ষায় প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে সে সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আরও পড়ুন <> শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী

তিনি বলেন, প্রবাসে থেকেও বিএনপির নেতা-কর্মীরা দেশের গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এমপি।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান জিল্লু।

আলোচনা সভায় নিউইয়র্ক স্টেট বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আপন দেশ/এমটিআই/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়