ছবি: আপন দেশ
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) কাউন্সিল প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
এসব বৈঠকে বাংলাদেশের বিমান চলাচল খাতের আধুনিকায়ন, নিরাপত্তাব্যবস্থা জোরদার, দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সপ্তম এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সংস্থাটির কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা চান বিমানমন্ত্রী।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশের বিমান চলাচল খাতের সক্ষমতা বৃদ্ধিতে আইসিএওর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি জাতীয় বিমান চলাচল নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে অ্যাভিয়েশন-সংশ্লিষ্ট শিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণ সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আইসিএও কাউন্সিল প্রেসিডেন্ট বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রগতি ও সহযোগিতা বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া বিমান চলাচলের যোগাযোগ ব্যবস্থায় রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ব্যবস্থাপনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মধ্যে উচ্চপর্যায়ের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন <> সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
বৈঠকে আইসিএও কাউন্সিল প্রেসিডেন্টকে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান বিমানমন্ত্রী।
অন্যদিকে, থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচ এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
এ বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিমান চলাচল খাতে কারিগরি সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সরকারি পর্যায়ে (জি-টু-জি) সহযোগিতার আওতায় থাইল্যান্ডের ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের (এফআইইউ) মাধ্যমে বাংলাদেশের নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন ও ফ্লাইট ভ্যালিডেশন কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক অনুরোধ জানান বিমানমন্ত্রী।
এ ধরনের সহযোগিতা বাংলাদেশের বিমান চলাচলের নিরাপত্তা, নেভিগেশন ব্যবস্থার নির্ভরযোগ্যতা এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
মন্ট্রিলে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং দেশের এভিয়েশন খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশা করছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































