Apan Desh | আপন দেশ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:০৯, ১১ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

ফাইল ছবি

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলায় দুই বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। 

শনিবার (১০ অক্টোবর) বর্বর ওই হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার এ প্রাণঘাতী হামলার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানাচ্ছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

আরও পড়ুন<<>>কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

এ ঘটনায় শোক প্রকাশ করে বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

বাংলাদেশ এ হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে।

পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার আহবান জানিয়েছে বাংলাদেশ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়