ছবি: সংগৃহীত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে এক আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে ঘটনার কারণ ও দায়িত্বে অবহেলা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে এ ঘটনা ঘটে।
হাজতখানায় নেয়ার পথে হাতকড়া খুলে এ আসামি পালিয়ে যান। আসামির নাম শরিফুল ইসলাম। ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তাকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার একটি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য কারাগার থেকে শরিফুল ইসলামকে আদালতে হাজির করা হয়। সাক্ষী উপস্থিত না থাকায় ওই দিন সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে আদালত থেকে হাজতখানায় নেয়ার সময় ডিএমপির প্রসিকিউশন বিভাগের কনস্টেবল আব্দুল আলিমের দায়িত্বে ছিলেন শরিফুল। এসময় কৌশলে হাতকড়া খুলে আদালত চত্বর থেকে পালিয়ে যান তিনি।
ঘটনার পর দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুল আলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি কীভাবে একজন বিচারাধীন আসামি হাতকড়া খুলে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেলেন। এতে কারও দায়িত্বে অবহেলা ছিল কি না- তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন <<>> আদালতে দ্বিতীয় দফায় পালাল আসামি
এদিকে, শরিফুল ইসলাম এর আগেও আদালত থেকে পালিয়েছিলেন। ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেয়ার সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। ওই ঘটনায় তৎকালীন হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
পরবর্তীতে গ্রেফতার হওয়া শরিফুলকে ওই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছিল। তবে দ্বিতীয়বারও পুলিশের হেফাজত থেকে তার পালিয়ে যাওয়ার ঘটনায় আদালতের নিরাপত্তা ও আসামি পরিবহনের দায়িত্বে থাকা সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
পলাতক শরিফুলকে পুনরায় গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত কমিটির প্রতিবেদনের পর ঘটনায় কারও গাফিলতি বা দায়িত্বে অবহেলা ছিল কি না, সে বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































