ছবি: আপন দেশ
রাজধানীতে চার প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডেরসহ (এনবিআর) বিভিন্ন সংস্থা। প্রতিষ্ঠানগুলো বিরুদ্ধে অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগ রয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কর্মকর্তারা অংশ নেন।
আরও পড়ুন<<>>সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী
অভিযান চলা চারটি প্রতিষ্ঠান হলো,র-ক্যানভাস রেস্তোরাঁ, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক রিজভী আহম্মেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
এনবিআরের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কয়েকটি বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ফ্রি শপের বিরুদ্ধে অবৈধ উৎস থেকে অ্যালকোহল সংগ্রহ, প্রযোজ্য শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে অ্যালকোহল সরবরাহের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিশেষ অভিযান শুরু হয়।
অভিযানের জন্য কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চারটি দল গঠন করে। এসব দল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন, তল্লাশি ও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে মজুত করা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের বৈধ উৎস, আমদানি ও ক্রয়সংক্রান্ত নথিপত্র, শুল্ক-মূসক ও কর পরিশোধের তথ্য যাচাই করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী পণ্য আটক করার কার্যক্রমও চলছে।
অভিযান শেষে প্রাথমিকভাবে পাওয়া তথ্য এবং সার্বিক ফলাফল জানাতে শনিবার রাত সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়ের নিচতলায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
তবে অভিযান চলমান থাকায় এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা বা কী পরিমাণ কর ফাঁকি উদ্ঘাটিত হয়েছে, সে বিষয়ে চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।
আপন দেশ/কেএম/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































