ছবি : আপন দেশ
ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। প্রতি তিন কর মেয়াদ শেষে একবারের পরিবর্তে এখন থেকে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে।
এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।
মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেয়ার বিদ্যমান বিধানের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে হবে। তবে নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটি হলে তার পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেয়া যাবে।
আরও পড়ুন <<>> জ্বালানি পরিমাপে কারচুপি, পৌর ফিলিংকে ৩ লাখ টাকা জরিমানা
এছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতেই দাখিলপত্র পেশের এ বিধান পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রিসভা ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































