Apan Desh | আপন দেশ

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দ্রুত ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে পাঠানোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে বিল সাবমিট করার কঠোর নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাউশি মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান জানিয়েছেন, ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিলে কোনো শিক্ষক-কর্মচারীর বেতন ইএফটিতে পৌঁছানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপরই থাকবে।

প্রতিষ্ঠান প্রধানরা তাদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমে লগ-ইন করে এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করবেন। প্রতিটি শিক্ষক-কর্মচারীর জন্য বিধি অনুযায়ী প্রাপ্য টাকার হিসাব নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো জটিলতায় তা নথি হিসেবে ব্যবহার করা যায়।

আরও পড়ুন<<>> ৩ সচিবকে জনপ্রশাসনে সংযুক্ত

চিঠিতে আরও বলা হয়েছে, তালিকায় থাকা কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করলে বা পদত্যাগ করলে সে মাসের প্রাপ্য বেতন অনুযায়ী বিল সাবমিট করতে হবে। সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বেতন কর্তন বা বন্ধের প্রয়োজন হলে তা স্পষ্টভাবে ‘বিল সাবমিট’ অপশনে উল্লেখ করতে হবে।

মাউশি জানিয়েছে, শুধুমাত্র আইবাস (iBAS++) পদ্ধতিতে যাচাই করা ভ্যালিড তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত হবে। যাদের তথ্য এখনও ভুল আছে, সঠিক তথ্য যাচাইয়ের পর তাদের নাম পরবর্তী সময়ে যুক্ত করা হবে। সময়মতো ও সঠিকভাবে বিল জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটিতে পাঠানো সম্ভব হবে না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়