Apan Desh | আপন দেশ

শ্রমিকদের মুনাফায় অংশীদারত্ব চান এমপি নিলু 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:১৯, ১৯ নভেম্বর ২০২৬

শ্রমিকদের মুনাফায় অংশীদারত্ব চান এমপি নিলু 

ছবি: আপন দেশ

পোশাকশ্রমিকদের জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নিশ্চিত করার পাশাপাশি মালিকদের মুনাফায় তাদের অংশীদারত্ব দেয়ার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি নাজমুন নাহার নিলু। 

তিনি বলেছেন, শুধু বেতন বাড়ালেই শ্রমিকদের জীবনমানের উন্নয়ন হবে না। উৎপাদন ও ব্যবসায় অর্জিত মুনাফার একটি অংশও শ্রমিকদের দিতে হবে। এতে তাদের আয় ও জীবনযাত্রার মান বাড়বে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘পোশাকশ্রমিকদের ন্যায্য ও জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণ: বাস্তবতা, মানদণ্ড ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। 

গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ আয়োজিত বৈঠক সঞ্চালনা করেন সংগঠনটির আহবায়ক আতিকুর রহমান।

নাজমুন নাহার নিলু বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বেড়েছে, সে তুলনায় শ্রমিকদের আয় কতটা বেড়েছে, তা বিবেচনায় নিতে হবে। 

শুধু পণ্যমূল্যের পরিসংখ্যান দিয়ে শ্রমিকদের প্রকৃত অবস্থা বোঝা সম্ভব নয়; জীবনযাত্রার বাস্তব ব্যয় বিবেচনা করা জরুরি। ১০০ টাকায় এখন এক কেজি মসুর ডালও পাওয়া যায় না। 

অথচ শ্রমিকদের ঘরভাড়া, খাবারসহ নানা খরচ মেটাতে হয়। শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি সরকার বিবেচনা করে মেনে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মালিকদের মুনাফায় শ্রমিকদের অংশীদারত্বের বিষয়ে তিনি বলেন, উৎপাদন বোনাস ও বিভিন্ন প্রণোদনার মাধ্যমে শ্রমিকদের মুনাফার অংশ দেয়া যেতে পারে। 

শুধু মালিকেরা লাভের সুফল ভোগ করবেন, আর শ্রমিকেরা নির্ধারিত বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকবেন—এটি কাম্য নয়। এ ক্ষেত্রে মালিকদের আরও মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি।

বৈঠকে নারী শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশের বিষয়েও গুরুত্ব দেন এ এমপি।

তিনি বলেন, পর্যাপ্ত বসার জায়গা, স্বাস্থ্যসম্মত টয়লেট ও মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। মজুরি বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ গড়ে তোলাও জরুরি।

আরও পড়ুন <> স্বাভাবিক অফিস-আদালত-ব্যবসাপ্রতিষ্ঠান, সড়কে যানজট

গাজীপুরে নারী শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, বিপুলসংখ্যক পোশাকশ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের হাসপাতাল প্রয়োজন। বিশেষ করে নারী শ্রমিকদের স্বাস্থ্য ও মাতৃত্বকালীন চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিতে হবে।

বিদেশে কর্মরত নারী শ্রমিকদের দুর্দশার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি নারী শ্রমিক কারাগারে রয়েছেন। তাদের আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করা জরুরি। 

এ ছাড়া নারী শ্রমিকদের নিরাপদ যাতায়াতের জন্য পৃথক যানবাহনের ব্যবস্থা করার দাবিও জানান তিনি।

নাজমুন নাহার নিলু বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, মুনাফায় অংশীদারত্ব এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের পোশাকশিল্পের অগ্রগতিও ত্বরান্বিত হবে।

 

আপন দেশ/কেএম/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়