Apan Desh | আপন দেশ

২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৮, ৩০ জুন ২০২৪

আপডেট: ১৫:০৭, ৩০ জুন ২০২৪

২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস

২০২৪-২৫ অর্থবছরের ৫৩তম বাজেট পাস করেছে জাতীয় সংসদ। এবার বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এ বাজেটের আকার বেড়েছে ৪.৬ শতাংশ। বড় কোনো পরিবর্তন ছাড়াই পাস হলো এ বাজেট।  আগামীকাল ১ জুলাই থেকেই কার্যকর শুরু হবে নতুন অর্থবছরের এ বাজেট।

রোববার (৩০ জুন) বেলা ১১টায় জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত ৬ জুন জাতীয় সংসদে এ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এ মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়। এসব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধী দলের ৬ জন এমপি ২৫১টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। 

বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থাকছে ১৫ হাজার কোটি টাকা। আর কর ব্যতীত প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা।

অন্যদিকে সামগ্রিক বাজেটে ঘাটতি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকার যোগান দেয়া হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণে। এরমধ্যে বিদেশি উৎস থেকে নেয়া হবে ৯০ হাজার ৭০০ কোটি টাকা। অভ্যন্তরীণ উৎস ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে এক লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এরমধ্যে ব্যাংক থেকে এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা, অন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ২৩ হাজার ৪০০ কোটি টাকা ও সঞ্চয়পত্র থেকে নেয়া হবে ১৫ হাজার ৪০০ কোটি টাকা।

এবারের বিশাল এ বাজেটের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা ব্যয় হবে ১৫টি খাতে। নতুন বাজেটে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

এদিকে শনিবার (৩০ জুন) জাতীয় সংসদে সংসদ অর্থমন্ত্রী তার বক্তব্যে এবারের বাজেটে কিছু নীতি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন। পরে এমপিদের কণ্ঠভোটে পাস হয় অর্থবিল।

এবারের বাজেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগে কর অব্যাহতির সুবিধা বহাল থাকছে। একইসঙ্গে ব্যক্তি শ্রেণির সর্বোচ্চ আয়কর ৩০ শতাংশের বদলে ২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর বাইরে, বড় কোনো পরিবর্তন আনা হয়নি। এছাড়া সমালোচনার মধ্যে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলেও পরিবর্তন আসছে না চূড়ান্ত বাজেটে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়