Apan Desh | আপন দেশ

ভোটের লাইনে হঠাৎ অসুস্থ হলে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১০, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের লাইনে হঠাৎ অসুস্থ হলে কী করবেন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সারাদেশে একযোগে ৪২ হাজারের বেশি কেন্দ্রে ভোট দেবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার। ভোটের দিন মানেই উৎসবের আমেজ। সকাল থেকেই কেন্দ্রে ভিড় জমে। রোদ–বৃষ্টি উপেক্ষা করে নানা বয়সী মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

তবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, গরম আবহাওয়া ও ভিড়ের কারণে অনেক সময় কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন। এমন পরিস্থিতিতে আতঙ্ক না ছড়িয়ে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেয়াই সবচেয়ে জরুরি।

হঠাৎ অসুস্থ হওয়ার কারণ

ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হওয়ার পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকে। যেমন, দীর্ঘ সময় পানি না খেয়ে থাকা। অতিরিক্ত গরমে শরীরে পানিশূন্যতা তৈরি হওয়া। রক্তচাপ কমে যাওয়া বা বেড়ে যাওয়া। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে রক্তে শর্করা কমে যাওয়া। হৃদরোগ বা শ্বাসকষ্টের জটিলতা। অতিরিক্ত ভিড় ও মানসিক চাপ।

যে লক্ষণগুলো দেখা দিতে পারে

মাথা ঘোরা বা ঝাপসা দেখা। হঠাৎ দুর্বল লাগা। বমি বমি ভাব। বুকে ব্যথা বা শ্বাস নিতে কষ্ট হওয়া। অতিরিক্ত ঘাম। হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া।

তাৎক্ষণিক করণীয়

(ক) অসুস্থ ব্যক্তিকে দ্রুত বসান বা শুইয়ে দিন। দাঁড় করিয়ে রাখবেন না।
(খ) সম্ভব হলে পা সামান্য উঁচু করে দিন। এতে রক্ত সঞ্চালন স্বাভাবিক হতে সাহায্য করে।
(গ) চারপাশের ভিড় সরিয়ে খোলা জায়গায় নিয়ে যান। বাতাস চলাচলের সুযোগ দিন।
(ঘ) গলার বোতাম, ওড়না বা বেল্ট ঢিলা করে দিন। শ্বাস নিতে সুবিধা হবে।
(ঙ) ব্যক্তি সচেতন থাকলে অল্প অল্প করে পানি বা স্যালাইন দিন।
(চ) ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সুগার কমে গেলে মিষ্টি কিছু দেয়া যেতে পারে।
(ছ) বুকব্যথা, কথা জড়িয়ে যাওয়া বা শরীরের একপাশ অবশ হয়ে গেলে সময় নষ্ট করবেন না। দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করুন।
(জ) পরিস্থিতি গুরুতর হলে অ্যাম্বুলেন্স বা নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের খবর দিন। ভোটকেন্দ্রে থাকা আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সহায়তা নিন।

ভোটে যাওয়ার আগে যেসব প্রস্তুতি জরুরি

১. খালি পেটে ভোট দিতে যাবেন না।
২. পর্যাপ্ত পানি পান করে বের হন।
৩. ডায়াবেটিস বা রক্তচাপের রোগীরা নিয়মিত ওষুধ নিন।
৪. রোদ এড়াতে ছাতা বা টুপি ব্যবহার করুন।
৫. সম্ভব হলে কম ভিড়ের সময়ে ভোট দিতে যান।

ভোটের দিন সুস্থ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের যত্ন নিন। পাশের মানুষটিকেও নজরে রাখুন। সামান্য সচেতনতাই বড় বিপদ এড়াতে পারে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়