Apan Desh | আপন দেশ

আইনজীবীদের জন্য ‘নৈতিকতা’ বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:২৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবীদের জন্য ‘নৈতিকতা’ বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ

ছবি: আপন দেশ

সারাদেশের আইনজীবীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে পর্যায়ক্রমে দেশের সব বিভাগে ‘নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ’ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে আগামী ০৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস জাঁকজমকপূর্ণভাবে পালনের বিষয়েও ঐকমত্য হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে জাতিসংঘ এবং ইউএনডিপি (UNDP) প্রতিনিধিদলের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতরের  বাংলাদেশ অফিস প্রধান শাহ মোহাম্মদ নাহীয়ান এবং ইউএনডিপি’র রুল অফ ল’ জাস্টিস অ্যান্ড সিকিউরিটি বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার রোমানা শোয়াইগার উপস্থিত ছিলেন। এ সময় তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।

বৈঠক সূত্রে জানা যায়, সারাদেশের আইনজীবীদের প্রশিক্ষণের সুযোগ দিতে বিভাগীয় পর্যায়ে পর্যায়ক্রমে এ আয়োজনের বিষয়ে প্রতিনিধিরা একমত হয়েছেন। প্রাথমিক পর্যায়ে ২০২৬ সালের মধ্যেই চট্টগ্রাম ও খুলনা বিভাগে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে দেশের অন্যান্য বিভাগেও এ কার্যক্রম সম্প্রসারিত হবে।

প্রতিটি বিভাগের অধীনস্থ জেলা বার ও চৌকি বারের আইনজীবীরা প্রতিনিধিত্বের ভিত্তিতে এ প্রশিক্ষণে অংশ নেয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন<<>>ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে 

সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আইনজীবী ও আইন কর্মকর্তাদের পেশাগত সততা, স্বাধীনতা, মানবিক মর্যাদা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় করা।

এর আগে, গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঢাকায় প্রথমবারের মতো অ্যাটর্নি-জেনারেল কার্যালয়ে কর্মরত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি-জেনারেলদের জন্য দুই দিনব্যাপী উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ ও ইউএনডিপি-এর সহযোগিতায় ‘Strengthening the Principles and Practices of Prosecutorial Ethics for the Attorney General’s Office of Bangladesh’ শীর্ষক ওই সফল আয়োজনের ধারাবাহিকতায় রোববারের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়