Apan Desh | আপন দেশ

জোহানেসবার্গ টেস্টে হৃদয়-লিটনের রেকর্ডে বাংলাদেশের সংগ্রহ ৩২৭ 

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৯, ১৫ নভেম্বর ২০২৬

জোহানেসবার্গ টেস্টে হৃদয়-লিটনের রেকর্ডে বাংলাদেশের সংগ্রহ ৩২৭ 

ছবি: আপন দেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে। সিরিজের প্রথম ম্যাচের দিনের প্রথম দিনের খেলা শুরু হয়েছে। এদিন তাওহিদ হৃদয় ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩২৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

রোববার (১৫ নভেম্বর) ম্যাচের শুরুটা মোটেও সুখকর ছিল না টাইগারদের জন্য। ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। একপর্যায়ে ৭ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। পরে ২২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল শান্ত লিটনরা।

তবে সে বিপর্যয় সামলে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের টেস্ট ইতিহাসের সেরা ইনিংস গড়ার পথে এগিয়েছে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে সফরকারীরা।

দুই ব্যাটারের ২০৬ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। যদিও দিনের শেষ বলে হৃদয়কে হারানোর আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু সিদ্ধান্তের প্রতিদান শুরুতে দিতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

অভিষেক টেস্ট খেলতে নামা মাহফিজুল ইসলাম রবিন ইনিংসের প্রথম বলেই কাগিসো রাবাদার শিকার হন। পরের ওভারে মুমিনুল হককেও ফেরান এ প্রোটিয়া পেসার। শান্তও টিকতে পারেননি বেশিক্ষণ। রাবাদার তোপে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয় প্রতিরোধ গড়েন। দুজনের ৯৯ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। ১০৮ বলে ১২ চারে ৬৭ রান করে রাবাদার বলে বোল্ড হন তানজিদ। রাবাদার পরপর দুই বলে তানজিদ ও মুশফিকুর রহিমের বিদায়ে আবারও বিপাকে পড়ে দল। মুশফিকও ফেরেন শূন্য রানে। ১২৩ রানে ৫ উইকেট হারিয়ে তখন কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশ।

সেখান থেকে দলকে টেনে তোলেন হৃদয় ও লিটন। শুরুতে সতর্ক ব্যাটিং করলেও উইকেটে থিতু হওয়ার পর ধীরে ধীরে রানের গতি বাড়ান দুজন। দক্ষিণ আফ্রিকার পেসারদের পাশাপাশি স্পিনার সাইমন হার্মারকেও সাবলীলভাবে সামলেছেন তারা। নিয়মিত সিঙ্গেল-ডাবল নেয়ার পাশাপাশি সুযোগ পেলেই বাউন্ডারি আদায় করে নেন। তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের দিকে নিয়ে আসে বাংলাদেশ।

৯৯ বলে পঞ্চাশ ছোঁয়ার পর সেঞ্চুরির দিকে এগিয়ে যান হৃদয়। অন্য প্রান্তে লিটনও খেলেন দায়িত্বশীল ইনিংস। ৭১ বলে পঞ্চাশ পূর্ণ করেন অভিজ্ঞ এ উইকেট কিপার ব্যাটার। দুজনের জুটিতে আসে দেড়শ রান। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ষষ্ঠ উইকেট জুটির রেকর্ড গড়ে ফেলেন তারা। আগের রেকর্ডটি ছিল জাকের আলি ও মেহেদী হাসান মিরাজের। ২০২৪ সালে মিরপুরে ১১২ রানে ৬ উইকেট হারানোর পর তারা যোগ করেছিলেন ১৩৮ রান।

আরও পড়ুন <<>> আফ্রিকাতেও হৃদয়ের সেঞ্চুরি

তবে হৃদয়-লিটনের জুটি থেমে থাকেনি সেখানে। ১৯৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টে অপরাজিত ২৪২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলা এ ব্যাটার দক্ষিণ আফ্রিকার মাটিতেও তুলে নেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আজকের সেঞ্চুরিতে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেলেন তিনি।

অন্য প্রান্তে লিটনও এগিয়ে যান বড় ইনিংসের পথে। দুজনের জুটি ২০০ রান ছাড়িয়ে যায় ২৮২ বলে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ডটি মুশফিকুর রহিম ও লিটন দাসের দখলে। ২০২২ সালের মে মাসে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারানোর পর দুজন গড়েছিলেন ২৭২ রানের ঐতিহাসিক জুটি।

দ্বিতীয় একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও ছাড়িয়ে যায় সফরকারীরা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল আগের সর্বোচ্চ। এবার সে রেকর্ড পেরিয়ে যায় শান্তর দল।

দিনের শেষ দিকে দ্বিতীয় নতুন বল নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। আক্রমণে ফেরেন রাবাদা। শেষ পর্যন্ত দিনের শেষ ওভারের শেষ বলে মার্কো ইয়ানসেনের শিকার হন হৃদয়। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার। ২৩১ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন এ ডানহাতি ব্যাটসম্যান। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা।

আউট হওয়ার আগে লিটনের সঙ্গে গড়ে দেয়া ২০৬ রানের বড় জুটি দলকে নিয়ে যায় শক্ত অবস্থানে। প্রথম দিন শেষে ৮৪ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩২৭ রান। লিটন ৯২ রান নিয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির অপেক্ষাতে আছেন।

সোমবার (১৬ নভেম্বর) দ্বিতীয় দিনে স্বীকৃত ব্যাটার মেহেদী হাসান মিরাজকে নিয়ে লিটন দলের স্কোরকে কতদূর নিয়ে যেতে পারেন, সেটিই এখন দেখার!

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়