Apan Desh | আপন দেশ

এডিবির অর্থ ব্যয় করতে পারেনি দুই মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:২০, ১৫ নভেম্বর ২০২৬

এডিবির অর্থ ব্যয় করতে পারেনি দুই মন্ত্রণালয়

ফাইল ছবি, আপন দেশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ সময়ে মোট ব্যয় হয়েছে ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা। তবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এডিপির বরাদ্দ থেকে কোনো অর্থই ব্যয় করতে পারেনি। বিপরীতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। 

রোববার (১৫ নভেম্বর) সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ ও ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৩৩ ও ৭ দশমিক ৯০ শতাংশ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে প্রশাসনে অস্থিরতার কারণে ওই দুই অর্থবছরে এডিপি বাস্তবায়নের গতি কম ছিল।

সাধারণত স্বাভাবিক সময়ে প্রথম চার মাসে এডিপি বাস্তবায়নের হার ১০ শতাংশের বেশি থাকে। যেমন, ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এ হার ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ। যা এর আগের অর্থবছরে ছিল ১২ দশমিক ৬৪ শতাংশ। 

আরও পড়ুন<<>>কৃষকদের জামানতবিহীন ঋণ দিল ন্যাশনাল ব্যাংক

আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো এডিপির আওতায় ব্যয় করেছে ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা।

আগের বছরগুলোতেও প্রথম চার মাসে এডিপি খাতে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। ২০২৩-২৪ ও ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে ব্যয়ের পরিমাণ ছিল যথাক্রমে ২০ হাজার ৬০৯ কোটি ৫৫ লাখ টাকা এবং ২১ হাজার ৮৯৫ কোটি ৫৬ লাখ টাকা।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নসহ এডিপিতে মোট ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়