Apan Desh | আপন দেশ

টাকার ব্যবস্থা করছিস বলেই এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৪৩, ১৫ নভেম্বর ২০২৬

টাকার ব্যবস্থা করছিস বলেই এলোপাতাড়ি গুলি

ছবি: আপন দেশ

রাজধানীর রামপুরায় ইন্টারনেট সংযোগের ব্যবসা প্রতিষ্ঠানে এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রামপুরা ওয়াপদা রোডে স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি নামে প্রতিষ্ঠানটিতে গুলি চালানো হয় বলে জানিয়েছে এর ব্যবস্থাপক মো. পলাশ। 

এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, গুলির ঘটনা কি না এটা আমরা যাচাইয়ের জন্য যাচ্ছি। দুজন আহত হয়েছে, এটা শুনেছি।

ঘটনার পর ইন্টারনেট সংযোগের ব্যবসা প্রতিষ্ঠানটির গুলিবিদ্ধ দুই কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি-এর ব্যবস্থাপক মো. পলাশ বলেন, সন্ধ্যা ৭টার দিকে চার-পাঁচজন মাস্ক পরা ছেলে আমাদের ওয়াপদা রোডের অফিসে ঢুকে। এসময় সেখানে চারজন স্টাফ ছিল। ঢুকে হামলাকারীরা বলে, ‘তোরা সুজন ভাই, গুজা বাদশা ভাইয়ের টাকার ব্যবস্থা করছিস? তোরা এখনো দেখা করিসনি কেন?।

এরপর তারা এলোপাতাড়ি গুলি করা শুরু করে। স্টাফদের মধ্যে দুজন পেছন দিয়ে দৌড়ে বের হতে পেরেছেন। একজনের পায়ে দুটো গুলি লেগেছে। আরেকজনের হাতে লেগেছে একটা।

পলাশ বলেন, ওরা গুলি করে আমাদের সিসি ক্যামেরাগুলোও ভেঙে দিয়ে গেছে। আমরা একটা হার্ডডিস্ক উদ্ধার করতে পেরেছি। সবাই এখন ঢাকা মেডিকেলে আছি।

রামপুরা-হাতিরঝিল এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সুজন ওরফে টোকাই সুজন দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। কারাগারে থাকা অবস্থায় মাদক ব্যবসা, আবাসন ব্যবসার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন বলে বিভিন্ন সময়ে খবরে এসেছে। 

আরও পড়ুন<<>>ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

আর গুজা বাদশা বলে যার নাম এসেছে, শফিকুর ইসলাম বাদশা নামে সে ব্যক্তি ২০১৩ সালে রামপুরায় অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম খান হত্যা মামলার আসামি। চলতি বছরের এপ্রিলে তাকে গ্রেফতার করা হয়।

গত কয়েক মাসে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ইন্টারনেট সংযোগের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে একাধিক হামলার অভিযোগ উঠেছে। গত জুলাইয়ে চট্টগ্রামের বাকলিয়া রোডে ডিজিটাল ডট নেট (ডিডিএন) এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নাম আসে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের। পরে ইমনকে ভারতে পালানোর সময় গ্রেফতার করে পুলিশ।

এর আগে গত ০৯ জুন রাতে মোহাম্মদপুরের লালমাটিয়ায় ডট ইন্টারনেট-এর প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়।

আইএসপিগুলোর কার্যালয়ে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গত ১৪ জুন ঢাকায় একটি সংবাদ সম্মেলন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)।

সেখানে মোহাম্মদপুর, বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার তথ্য তুলে ধরা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়