Apan Desh | আপন দেশ

এ কে আজাদসহ চ্যানেল ২৪-এর সাতজনের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫৬, ১০ নভেম্বর ২০২৬

এ কে আজাদসহ চ্যানেল ২৪-এর সাতজনের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

ছবি: আপন দেশ

‘মিথ্যা ও মানহানিকর’ প্রতিবেদন প্রচারের অভিযোগে চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন গ্রহণ করে তা তদন্তে ডিবি পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (০৯ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এদিন বেলা ১১টার পর মামলার আবেদন করেন লালমনিরহাটের সাময়িক বরখাস্ত হওয়া যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম। 

আদালত তার জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছিল। পরে দুপুর ২টার দিকে মামলা গ্রহণ করে তদন্তভার ডিবি পুলিশকে দেয় আদালত।

বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য প্রচারের পর চ্যানেল ২৪-কে আইনি নোটিস দেয়া হয়েছিল। তবে তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

এ কারণে আমরা আদালতে মামলা করেছি। আদালত অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন—চ্যানেল ২৪-এর ‘সার্চলাইট’ অনুষ্ঠানের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী সম্পাদক জহিরুল আলম, হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম ও রিপোর্টার জাহিদ হোসেন।

আরও পড়ুন <> রাজধানীর ১১ স্থানে ককটেল, দুই বাসে আগুন

মামলার এজাহারে বলা হয়, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদ বুলেটিন ও রাত ৯টার ‘সার্চলাইট’ অনুষ্ঠানে আরিফুল ইসলামকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয়। 

‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ: বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শিরোনামের ওই প্রতিবেদনে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।

আরিফুল ইসলামের অভিযোগ, প্রতিবেদনে তার বক্তব্য ‘কাটছাঁট করে বিকৃতভাবে’ উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ‘অসত্য ও মানহানিকর’ তথ্য প্রচার করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৫ অক্টোবর আইন ও বিচার বিভাগ তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করে এবং সাময়িক বরখাস্ত করে। 

এরপর চ্যানেল ২৪-এ এ বিষয়ে আরেকটি প্রতিবেদন প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়, চ্যানেলটির অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পরই তাকে বরখাস্ত করা হয়েছে।

তবে আরিফুল ইসলামের দাবি, চ্যানেল ২৪-এর প্রতিবেদন প্রচারের সঙ্গে তার সাময়িক বরখাস্তের কোনো সম্পর্ক নেই। 

শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ মো. সোলায়মানের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। 

অসদাচরণ ও অদক্ষতার অভিযোগের তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রতিবেদনে তার বক্তব্য কীভাবে কাটছাঁট করে উপস্থাপন করা হয়েছে, তার প্রমাণ হিসেবে মূল বক্তব্যের ভিডিও সংবলিত একটি পেনড্রাইভ আদালতে জমা দিয়েছেন আরিফুল ইসলাম।

এ বিষয়ে চ্যানেল ২৪-এর পক্ষ থেকে এখনো কোনা বক্তব্য পাওয়া যায়নি।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়