Apan Desh | আপন দেশ

আসিফ মাহমুদকে নিয়ে দুদকের ব্রিফিংয়ে হাইকোর্টের রুল

আান্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৪, ১১ নভেম্বর ২০২৬

আসিফ মাহমুদকে নিয়ে দুদকের ব্রিফিংয়ে হাইকোর্টের রুল

ছবি: আপন দেশ

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া ব্রিফিংকে অবৈধ ঘোষণা করার প্রশ্নে অবস্থান স্পষ্ট করেছেন হাইকোর্ট। 

এ বিষয়ে আদালত জানিয়েছেন, দুদকের ওই ব্রিফিং কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) শুনানি শেষে বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত জানতে চেয়েছেন, অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দুদকের পক্ষ থেকে দেয়া বক্তব্যসংবলিত প্রেস ব্রিফিং কেন অবৈধ ঘোষণা করা হবে না।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন ও ব্যারিস্টার ইউসুফ আলী। 

অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। আদালতের অবকাশ শেষ হওয়ার পর পুনরায় শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়।

জানা যায়, গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক পৃথক দুটি প্রেস ব্রিফিং করেন। সেখানে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের পর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়।

আরও পড়ুন <> আবেদনের যোগ্যতাই নেই, বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স

রিটে বলা হয়, এ ধরনের বক্তব্য সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা ব্যক্তির মর্যাদা ও সুনামের সুরক্ষার পরিপন্থী। একই সঙ্গে এটি দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালারও লঙ্ঘন। এ যুক্তিতে ২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেস ব্রিফিং দুটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আসিফ মাহমুদ।

গত ২ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে তার বিরুদ্ধে ৭৬ লাখ টাকা নেয়াসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে দুদকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ (অনিচ্ছাকৃত ভুল বক্তব্য) বলে উল্লেখ করেন।

অন্যদিকে, ১৩ সেপ্টেম্বরের ব্রিফিংয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও ৩৬ জন জেলা প্রশাসক নিয়োগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী নিয়োগ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে শত কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ তোলা হয়। 

এ ছাড়া বিদেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগও ওই ব্রিফিংয়ে তুলে ধরা হয়েছিল।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়