ফাইল ছবি, আপন দেশ
চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে দেশটিতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ। চীনের শিল্প ও উৎপাদন খাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র গুয়াংজুতে এ কার্যালয় চালু হয়েছে। এ কেন্দ্র থেকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা উদ্যোক্তাদের তথ্য, বিধিবিধান সম্পর্কে পরামর্শ এবং সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগের সহায়তা দেয়া হবে।
রোববার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।
সংস্থাটি জানায়, বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিজেদের উপস্থিতি বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এ কার্যালয় চালু করা হয়েছে।
চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনায় চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। গুয়াংজু কার্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারেও প্রতিনিধি কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন<<>>এডিবির অর্থ ব্যয় করতে পারেনি দুই মন্ত্রণালয়
ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং বিনিয়োগ পরিকল্পনার শুরু থেকেই প্রয়োজনীয় সহায়তা দেয়াই এ কার্যালয়ের লক্ষ্য। গুয়াংজুর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাত বিবেচনায় শহরটিকে বেছে নেয়া হয়েছে।
কার্যালয়টিতে চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন মে ঝৌ এবং রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট হিসেবে থাকবেন ইয়াং ওয়েনচুয়াং। দুজনেরই বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এরই মধ্যে বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক ফোরাম ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে ইনভেস্ট বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এফডিআই জরিপ অনুযায়ী, বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। ২০২৫ সালে দেশটি থেকে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলারের নিট এফডিআই এসেছে। যা মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ। নতুন কার্যালয়ের মাধ্যমে এ বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে চায় সংস্থাটি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































