ছবি : সংগৃহীত
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, চার সপ্তাহ আগে ইরানের সঙ্গে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আহত ৩০০ সেনার মধ্যে ২৭৩ জন ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন। এ সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে।
একই সময়ে সংযুক্ত আরব আমিরাতও তাদের আকাশসীমায় আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আকাশে শোনা বিস্ফোরণের শব্দ মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ফল।
অন্যদিকে বাহরাইনেও ইরানি হামলার খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায়।
আরও পড়ুন<<>>নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেফতার
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটির আশপাশ থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহবান জানায়। তাদের দাবি, যুক্তরাষ্ট্র বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে, তাই হামলা চালানোর আগে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে নিহতের সংখ্যা প্রায় ১৫০০ জন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় ১১৪০ জন নিহত হবার খবর পাওয়া গেছে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোইটিসের কর্মকর্তা মারিয়া মার্টিনেজ জানান, ইরানে যৌথ বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন।
প্রায় চার সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানের ভেতরে সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































