বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
আর মাত্র একদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তার আগে নিরঙ্কুশ বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। তবে নির্বাচনে জয়ী হলে তার সামনে ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপিপ্রধান।
তারেক রহমান জানান, চলতি সপ্তাহের নির্বাচনে জয়ী হলে সামনে তার জন্য ‘বড়’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ক্ষমতাচ্যুত আগের সরকারের আমলে লুটপাট হওয়া দেশকে মেরামতের অঙ্গীকার রয়েছে তার।
বিএনপির চেয়ারম্যান বলেন, আগামী বৃহস্পতিবারের নির্বাচনে বিজয়ী হলে তার প্রথম অগ্রাধিকার হবে নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধার করা; যাতে ২০২৪ সালে তরুণদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসন উৎখাতের পর দেশকে গ্রাস করা রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটে।
তারেক রহমান বলেছেন, আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, যাতে মানুষ নিরাপদ থাকেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ১৭ কোটি মানুষের দক্ষিণ এশীয় এ দেশের সামনের কাজ হবে অত্যন্ত কঠিন।
ক্ষমতাচ্যুত সরকারের বিরুদ্ধে সাধারণ নাগরিকদেরকে অবহেলার অভিযোগ তুলে তিনি বলেন, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। গত শাসনামলে স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস হয়েছে, জ্বালানি খাত ধ্বংস হয়েছে।
ভোটে এগিয়ে থাকলেও দেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের কাছে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তারেক রহমানের বিএনপি।
নিজ কার্যালয়ে বসে মৃদুভাষী বিএনপির এ নেতা এএফপিকে বলেছেন, তিনি নিরঙ্কুশ বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা আশা করছি জনগণের কাছ থেকে একটি স্পষ্ট ম্যান্ডেট পাব—একটি বড় ম্যান্ডেট। বর্তমান তার দলের জোটের বাইরে কোনও জোটের প্রয়োজন দেখছেন না বলেও জানিয়েছেন তিনি।
তারেক রহমান বলেন, নিজেদের সরকার গঠনের মতো আমরা পর্যাপ্ত আসন পাবো।
শেখ হাসিনার শাসনামলে যুক্তরাজ্যে ১৭ বছর নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফেরেন ৬০ বছর বয়সী তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিন পরই ৮০ বছর বয়সে মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী তার মা বেগম খালেদা জিয়া। এরপর বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন তিনি।
আরও পড়ুন<<>>ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
খ্যাতিমান বাবা-মায়ের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, তারা ছিলেন তারা। আর আমি আমিই। তবে তিনি জোর দিয়ে বলেছেন, তিনিও আজীবন রাজনীতিতে কাটিয়েছেন। বিএনপির এ নেতা বলেন, আমি তাদের চেয়ে ভালো করার চেষ্টা করব।
নির্বাচিত হলে তার সামনে থাকা শীর্ষ কাজগুলোর একটি হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক উৎপাদনকারী দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা করা। তারেক রহমান বলেন, আমাদের সামনে গুরুতর চ্যালেঞ্জ রয়েছে; অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে হবে।
তিনি বলেন, দেশে বিপুলসংখ্যক বেকার রয়েছেন। আমাদের এ তরুণদের চাকরির জন্য ব্যবসা সৃষ্টি করতে হবে। বিশেষ করে নারীদের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানিয়েছেন।
বাংলাদেশ ও প্রতিবেশী ভারতের সম্পর্কে টানাপোড়েন থাকায় পররাষ্ট্র সম্পর্কের বিষয়ে সতর্ক মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেন, আমার জনগণের স্বার্থ এবং দেশের স্বার্থই সবার আগে। তবে বাংলাদেশ আশপাশের দেশগুলোর সঙ্গে অন্তত প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়।
৭৮ বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন এবং গত নভেম্বরে মানবতাবিরোধী অপরাধে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উত্থানের দেখভালের জন্য একসময় প্রশংসিত হলেও শেখ হাসিনা এমন এক সরকারের নেতৃত্ব দিয়েছেন; যে সরকার ভিন্নমত দমন করেছে এবং বিশেষ করে বৃহৎ সরকারি অবকাঠামো প্রকল্প থেকে ব্যাপক লুটপাটে অভিযুক্ত।
তারেক রহমান বলেন, আমরা যা দেখছি, তা হলো মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। কয়েকজন মানুষকে অত্যন্ত ধনী করা হয়েছে। কিন্তু দেশের বাকি অংশ; পুরো জনগণ কিছুই পায়নি।
তবে আইনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার বিরোধিতা করেন তারেক রহমান। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবারের নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।
তারেক রহমান বলেন, নিশ্চয়ই, কেউ যদি কোনও ধরনের অপরাধে জড়িত থাকে, তাহলে আইন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































