Apan Desh | আপন দেশ

বিপাকে চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীরা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বিপাকে চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির ফ্রি ও গো সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন প্রদর্শন শুরু করেছে ওপেনএআই। নতুন এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও উন্নত ফিচার ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়ার পরিকল্পনা করছে। তবে বিজ্ঞাপন চালু হলেও চ্যাটজিপিটির উত্তর দেয়ার সক্ষমতায় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে কোম্পানিটি।

বিজ্ঞাপনগুলো চ্যাটবটের উত্তরের শেষে আলাদা করে ‘স্পন্সরড’ হিসেবে দেখানো হবে। ব্যবহারকারীর পূর্বের চ্যাট, চলমান আলোচনার বিষয়বস্তু এবং বিজ্ঞাপনের সঙ্গে তাদের আগের ইন্টারঅ্যাকশনের ভিত্তিতে বিজ্ঞাপন প্রদর্শিত হবে। ওপেনএআই জানিয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বা কথোপকথনের কোনো অংশ বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শেয়ার করা হবে না।

ফ্রি ও গো ব্যবহারকারীরা চাইলে বিজ্ঞাপন বন্ধ রাখার সুযোগ পাবেন। তবে সে ক্ষেত্রে প্রতিদিন চ্যাট ব্যবহারের সীমা কমে যাবে। অন্যদিকে, চ্যাটজিপিটি প্লাস ও প্রো সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা আগের মতোই সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা উপভোগ করবেন।

আরও পড়ুন <<>> যেভাবে বানাবেন ক্যারিকেচার ছবি 

ওপেনএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এটি মূলত একটি পরীক্ষামূলক উদ্যোগ। ব্যবহারকারীরা বিজ্ঞাপনকে কতটা সহায়ক ও প্রাসঙ্গিক মনে করেন, সে বিষয়ে প্রতিক্রিয়া সংগ্রহই এর মূল উদ্দেশ্য।

বিশ্লেষকদের মতে, আয়ের নতুন উৎস তৈরির লক্ষ্যেই বিজ্ঞাপন চালুর পথে হাঁটছে ওপেনএআই। যদিও এআই কোম্পানি এনথ্রপিক সম্প্রতি সুপার বোলের সময় ঘোষণা দিয়েছিল, তারা বিজ্ঞাপনমুক্ত থাকার নীতিতেই অটল থাকবে। এ প্রসঙ্গে গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস মন্তব্য করেছেন, ওপেনএআইয়ের সিদ্ধান্তে কিছুটা তাড়াহুড়োর ছাপ থাকতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়