ছবি: সংগৃহীত
আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। দুই আদিবাসী সম্প্রদায়ের সংঘর্ষে ঘরবাড়ি ও যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। উখরুল জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল বাড়ানো হয়েছে, জারি রয়েছে নিষেধাজ্ঞা। নতুন করে সহিংসতা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
ভারতের উত্তর-পূবাঞ্চলীয় রাজ্য মণিপুরের উখরুল জেলায় নাগা ও কুকি— এ দুই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে সংঘাত-সহিংসতা। দুই পক্ষের সংঘর্ষের পাশাপাশি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়া হয়।
রোববারের সহিংসতায় অন্তত ২০টি ঘর পুড়িয়ে দেয়া হয় বলে স্থানীয় প্রশাসনের দাবি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের পর এলাকাজুড়ে পোড়া ঘরবাড়ি ও ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। নিয়মিত টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী।
এরইমধ্যে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেছেন মণিপুরের উপ-মুখ্যমন্ত্রী লোসি দিখো। এসময় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহায়তার পাশাপাশি সংঘাত বন্ধ সব পক্ষকে শান্ত থাকার আহবান জানান তিনি।
লোসি দিখো বলেন,
আমাদের শান্তি দরকার। শান্তি ছাড়া কীভাবে চলবে? আমরা আগেও এমন সমস্যার মুখোমুখি হয়েছি। এখন যদি দুই সম্প্রদায়ের মধ্যে নতুন করে আরেকটি সমস্যা শুরু হয়, সেটা খুবই খারাপ। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। দুই সম্প্রদায়ই ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। তারা আরও বোঝাপড়া ও শান্তি চায়।
২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে বিভিন্ন সম্প্রদায়ের সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ২৬০ জন। গৃহহারা হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































