ছবি: সংগৃহীত
ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চাওয়ার সময় নতুন করে আলোচনায় আসেন সংগীতশিল্পী রবি চৌধুরী। এর পেছনে কারণ, অতীতে তাকে নৌকার পক্ষে প্রচারে দেখা গিয়েছিল। বিষয়টি ঘিরে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ হলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এ গায়ক।
একসময় মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পক্ষে নৌকা প্রতীকে প্রচারে অংশ নিয়েছিলেন রবি চৌধুরী। বর্তমানে তিনি বিএনপির হয়ে মাঠে নামায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। কেউ কেউ তাকে ‘দালাল’ বলেও আক্রমণ করেন।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) গুলশান গার্ডেন ও আশপাশের এলাকায় বিএনপির গণসংযোগ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রবি চৌধুরী। সেখানে তিনি বলেন, তাকে দালাল বলা ঠিক নয়। তিনি জানান, মমতাজ বেগম একজন সহশিল্পী হিসেবে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সে সময় তিনি পারিশ্রমিকের বিনিময়ে গান পরিবেশন করেছিলেন। তবে ভোট চাওয়ার বিষয়টি ছিল সহশিল্পীর অনুরোধে, কোনো রাজনৈতিক স্বার্থে নয়। তিনি বলেন, যেখানে শিল্পী হিসেবে পারিশ্রমিক পাওয়া যায়, সেখানেই গান গাওয়া তার পেশাগত বিষয়।
আরও পড়ুন <<>> হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
গায়কের এ বক্তব্যকে কিছু গণমাধ্যম ভিন্নভাবে উপস্থাপন করে শিরোনামে দাবি করা হয়, তিনি টাকার বিনিময়ে নৌকার প্রচারে ছিলেন। এমন সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই খবর শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, তখনকার নির্বাচনী প্রচারে টাকা-পয়সার লেনদেন ছিল কি না—সে বিষয়ে বিস্ময় প্রকাশ করে।
অভিনেত্রীর সে পোস্ট নজরে এলে মন্তব্যের ঘরে নিজের ব্যাখ্যা দেন রবি চৌধুরী। তিনি লেখেন, তিনি টাকার বিনিময়ে গান গাইতে গিয়েছিলেন, ভোট চেয়েছেন সহশিল্পীর অনুরোধে। এ ক্ষেত্রে অর্থের বিনিময়ে ভোট চাওয়ার অভিযোগ সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ভিউয়ের জন্য বক্তব্য বিকৃত করে উপস্থাপনের অভিযোগও করেন গায়ক।
গুলশান গার্ডেন এলাকায় বিএনপির ওই গণসংযোগে রবি চৌধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রী রিনা খান, সংগীতশিল্পী মনির খান, চিত্রনায়িকা সামসুন নাহার সিমলা, অভিনেতা শাহেদ শরীফ খানসহ শোবিজ অঙ্গনের আরও কয়েকজন পরিচিত মুখ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































