ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি ব্যক্তিগত জীবনের একাধিক অজানা দিক তুলে ধরেছেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের সম্পর্ক, পরিবার ও মানসিক অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পর্দায় রোমান্টিক দৃশ্যে সাহসী হলেও বাস্তব জীবনে সম্পর্কে জড়াতে ভয় পান নোরা। আর এ ভয়টির মূল কারণ তার পারিবারিক অভিজ্ঞতা।
নোরা জানান, খুব ছোট বয়সেই তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর তার বাবা জীবনে কার্যত অনুপস্থিত হয়ে পড়েন। দীর্ঘ সময় তার কোনো খোঁজও পাননি তিনি। ফলে সম্পর্কের বিষয়ে তার মনে এক ধরনের ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি বলেন, কোনো সম্পর্কে জড়ানোর আগে বারবার তার বাবার স্মৃতি ফিরে আসে। বিচ্ছেদের যন্ত্রণা তাকে এখনও নাড়া দেয়। জীবনে অনেক ভালো মানুষের সঙ্গে পরিচয় হলেও শেষ পর্যন্ত সে ভয় কাটিয়ে উঠতে পারেননি তিনি।
আরও পড়ুন <<>> চারুকলায় ব্যস্ত সময় পার করছেন বিপাশা হায়াত
নোরার ভাষায়, বিচ্ছেদের কষ্ট আমি নিতে পারি না। তাই সম্পর্কে যাওয়ার আগে নিজেই পিছিয়ে আসি।
তিনি আরও মনে করেন, অতীতের এ অভিজ্ঞতা তার প্রেম ও সম্পর্কের দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করেছে। অনেক সময় সম্পর্ক বোঝার চেষ্টায় নিজেকেই হারিয়ে ফেলেন তিনি। তাই এখন নিজের অনুভূতি বোঝা ও মানসিকভাবে সুস্থ হয়ে ওঠাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। বর্তমানে একা থাকাতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন এ তারকা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































